খাদ্য ও পানীয়ের তীব্র সংকটে থাকা গাজাবাসীর পাশে দাঁড়িয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। মানবিক এই উদ্যোগের অংশ হিসেবে সম্প্রতি দুই দফায় গাজার মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।

পুনাকের সভানেত্রী আফরোজা হেলেনের নেতৃত্বে পুলিশ পরিবারের সদস্যরা নিজেদের খাবারের অংশ সাশ্রয় করে এই অনুদান প্রদান করেন। তাদের এই সহায়তা পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করে মাস্তুল ফাউন্ডেশন।

আফরোজা হেলেন বলেন, “এ অর্জন পুনাকের প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। সবাই আন্তরিকভাবে এগিয়ে এসেছে মানবিক দায়বদ্ধতা থেকে। ভবিষ্যতেও আমাদের এই ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে।” তিনি গাজার মানুষের কাছে সহায়তা পৌঁছে দিতে সহযোগিতার জন্য মাস্তুল ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।

পুনাক দীর্ঘদিন ধরে সমাজকল্যাণমূলক কাজে যুক্ত রয়েছে। করোনাকালে যখন হোটেল-রেস্তোরাঁ বন্ধ ছিল, তখন তারা সাধারণ মানুষের জন্য খাবারের ব্যবস্থা করেছিল। এছাড়া সংগঠনটি শীতবস্ত্র বিতরণ, চিকিৎসা সহায়তা, বন্যার্তদের অনুদান, নলকূপ প্রতিস্থাপন, রিকশাচালকদের মধ্যে রেইনকোট বিতরণ, প্রত্যন্ত অঞ্চলে ছানি অপারেশন, যুদ্ধাহতদের চিকিৎসা এবং তাদের কন্যাসন্তানের শিক্ষার জন্য রিকশা অনুদানসহ নানা মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

পুনাকের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও মানবতার সেবায় এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।