বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বিইজেডএ) অনুমোদনে দেশে নিকোটিন পাউচ উৎপাদনের সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে তামাকবিরোধী সংগঠন বাংলাদেশ টোব্যাকো কন্ট্রোল অ্যাডভোকেটস (বিটিসিএ)।

রবিবার (২৬ অক্টোবর) সংগঠনের আহ্বায়ক ইকবাল মাসুদ এবং সদস্য অ্যাডভোকেট মাহবুবুল আলম তাহিন, আমিনুল ইসলাম সুজন, সুসান্ত সিনহা, সৈয়দা অনন্যা রহমান, ফারহানা জামান লিজা, সামিউল হাসান সজীব ও আবু রায়হানের যৌথ স্বাক্ষরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিক্রিয়া জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিইজেডএ গত ২৭ এপ্রিল ফিলিপ মোরিস বাংলাদেশ লিমিটেডকে নিকোটিন পাউচ উৎপাদনের প্রকল্প অনুমোদন দিয়েছে, যা দেশের জনস্বাস্থ্য ও তামাক নিয়ন্ত্রণ প্রচেষ্টার জন্য “অত্যন্ত উদ্বেগজনক ও প্রাণঘাতী সিদ্ধান্ত”।

বিটিসিএ জানায়, নিকোটিন পাউচ মূলত এক ধরনের চিবানোর পণ্য, যা মুখে রেখে ব্যবহার করা হয় এবং মুখের অভ্যন্তর দিয়ে নিকোটিন রক্তে শোষিত হয়। এটি ই-সিগারেট বা ভ্যাপের বিকল্প হিসেবে বাজারজাত করা হলেও এতে উচ্চমাত্রার নিকোটিন থাকে, যা দ্রুত নেশাসৃষ্টিকারী ও স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।

সংগঠনটি আরও জানায়, বেলজিয়াম, ফ্রান্স, রাশিয়া, উজবেকিস্তানসহ অন্তত ৩৪টি দেশ ইতোমধ্যে নিকোটিন পাউচ নিষিদ্ধ বা কঠোরভাবে নিয়ন্ত্রণে এনেছে। অথচ বাংলাদেশে যখন তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের প্রক্রিয়া চলছে এবং অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারি বিভিন্ন সংস্থা একযোগে কাজ করছে, তখন এমন পণ্যের অনুমোদন দেওয়া “সরকারি নীতির পরিপন্থী ও স্বাস্থ্যবিধ্বংসী পদক্ষেপ”।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দেশের সর্বোচ্চ আদালতের এক ঐতিহাসিক রায়ে নতুন তামাক বা তামাকজাত দ্রব্য উৎপাদনের অনুমোদন না দেওয়ার নির্দেশনা রয়েছে। আদালত বিদ্যমান তামাক কোম্পানিগুলোকে বিকল্প, অ-তামাকজাত পণ্য উৎপাদনে উৎসাহিত করার পরামর্শও দিয়েছে। ফলে বিইজেডএ’র এই অনুমোদন আদালতের নির্দেশনার পরিপন্থী এবং তামাক নিয়ন্ত্রণ আইনের উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছে বিটিসিএ।

সংগঠনটি অভিযোগ করেছে, মাত্র ৬৩ জনের কর্মসংস্থান ও প্রায় ৫১ কোটি টাকার বিনিয়োগের অজুহাতে জনগণের স্বাস্থ্য ও ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণকে ঝুঁকির মুখে ফেলা কোনোভাবেই যৌক্তিক নয়।

বিটিসিএ দাবি জানিয়েছে, বিইজেডএ কর্তৃক প্রদত্ত এই অনুমোদন অবিলম্বে বাতিল করতে হবে এবং যারা আদালতের নির্দেশনা অমান্য করে অনুমোদন দিয়েছে তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। পাশাপাশি সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে, নিকোটিন পাউচসহ সকল নিকোটিনজাত পণ্যের উৎপাদন, বিপণন ও ব্যবহার আইনের মাধ্যমে নিষিদ্ধ করতে হবে।