লাল কার্ড উঁচিয়ে মাদক, ইভটিজিং ও কিশোর অপরাধকে না এবং সবুজ কার্ড উঁচিয়ে দেশপ্রেমকে হ্যাঁ বললো কেরানীগঞ্জের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৮ অক্টোবর) কেরানীগঞ্জ উপজেলার নয়াবাজার উচ্চ বিদ্যালয়ে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ আয়োজিত এক মত সভায় এই শপথ গ্রহন করেন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি তালুকদার মোহাম্মদ নূরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রধান উপদেষ্টা সাবিনা ইয়াসমীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটিবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, সাংগঠনিক সম্পাদক এম. এস. আই ফরিদ ভূইয়া, ঢাকা জেলা শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান, অর্থ সম্পাদক মেহেদী হাসান মারুফ, সদস্য জুনায়েদ সাদ, আজমাইন ও আব্দুর রহমান প্রমুখ।

প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল বলেন, এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মনে খারাপকে ‘না’ এবং ভালোকে ‘হ্যাঁ’ বলার মানসিকতা গড়ে উঠবে। তিনি আরও জানান, সংগঠনটির সকল সদস্যই কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাঁরা প্রতি মাসে নিজেদের একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে গত ১৪ বছর ধরে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও কিশোর অপরাধ থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে কাজ করছেন।

এছাড়া তাঁরা পথশিশুদের শিক্ষা উপকরণ বিতরণ, বৃক্ষরোপণ এবং সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন। সংগঠনটি ইতোমধ্যে সারাদেশে প্রায় ৪৫ লাখ শিক্ষার্থীকে সচেতন করেছে এবং ৬ লাখেরও বেশি গাছের চারা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেছে।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাদক, ইভটিজিং ও স্মার্টফোন আসক্তি থেকে দূরে থাকার শপথ পাঠ করান কাওসার আলম সোহেল।