বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে “চেঞ্জমেকারস অ্যাওয়ার্ড ২০২৫” প্রদান করা হয়েছে। “অন্তর্ভুক্তিমূলক, স্থিতিশীল ও লিঙ্গসমতাভিত্তিক সমাজ নির্মাণ” প্রতিপাদ্যে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলার ১০ জন পরিবর্তন-সাধককে সম্মাননা দেয়া হয়। আজ বুধবার সকালে
বাংলাদেশ মহিলা সমিতির আইভি রহমান হলে এ সম্মাননা দেয়া হয়।
সম্মাননা প্রাপ্তরা হলেন—মো. আলী আহমেদ হারেজ (চট্টগ্রাম), মো. নজরুল ইসলাম (ঝালকাঠি), মো. জুনায়েদ আহমেদ (হবিগঞ্জ), মো. রুবায়দুল হক জোয়ার্দার (যশোর), সাজল আহমেদ (খুলনা), মো. দেলোয়ার হোসেন (মাগুরা), আনোয়ার কাদের চৌধুরী (ঢাকা), মো. ওমর ফারুক (সিরাজগঞ্জ), শহা আলম (ময়মনসিংহ) এবং প্যারালিগ্যাল সানজানা মাহবুবা (ঢাকা)। ২০২৩ সাল থেকে প্রতিবছর ১০ জন করে চেঞ্জমেকারকে স্বীকৃতি দিয়ে আসছে বন্ধু; এবার প্রথমবার একজন প্যারালিগ্যালও পুরস্কৃত হলেন।
সিনিয়র জেলা ও দায়রা জজ এবং এনএলএএসও’র নির্বাহী পরিচালক শেখ আশফাকুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, শিক্ষিত ও সচ্ছল শ্রেণির মানুষেরাই সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় দায়িত্ব বহন করেন। তিনি বলেন, কোনো মানুষ যেন বৈষম্য বা সহিংসতার কারণে পিছিয়ে না পড়ে—এ দায়িত্ব সবার।
হিজরা ও প্রান্তিক জনগোষ্ঠীকে ঘিরে সমাজে ভুল ধারণা এখনও প্রবল—উল্লেখ করে তিনি বলেন, “পরিচয় লুকিয়ে রাখতে বাধ্য হওয়া আমাদের দাবি করা সভ্যতার ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করে।”
তিনি আরও জানান, আর্থিকভাবে অক্ষম মানুষদের জন্য সরকার বিনামূল্যে আইনি সহায়তা দিচ্ছে। তিনি নতুন টোল-ফ্রি আইনি সহায়তা নম্বর ১৬৬৯৯ মনে রাখার আহ্বান জানান।
উপ-অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির বলেন, মানবাধিকার কোনো একদিনের বিষয় নয়—এটি সভ্যতার ভিত্তি। পরিবর্তন কঠিন হলেও যারা পরিবর্তন আনেন তারাই সমাজকে এগিয়ে নেন।
নাগরিকতা, সিভিক এনগেজমেন্ট ফান্ডের টিম লিডার ড. অ্যাডি ওয়াকার বলেন, পরিবর্তন আসে মানুষের চিন্তা ও আচরণ বদলের মাধ্যমে। তিনি তরুণ চেঞ্জমেকারদের ‘উদ্যোগ, অধ্যবসায় ও উদ্দেশ্য’—এই তিন মূল্যবোধ সামনে রেখে এগিয়ে যেতে উৎসাহ দেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বন্ধুর চেয়ারপারসন তামান্না রহমান। তিনি বলেন, হিজরা ও প্রান্তিক জনগোষ্ঠীর বিরুদ্ধে লিঙ্গভিত্তিক সহিংসতা মোকাবিলা এবং তৃণমূল পর্যায়ে আইনি সহায়তা প্রদানে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবেই এ পুরস্কার।
অনুষ্ঠানে জানানো হয়, বন্ধু সামাজিক কল্যাণ সংস্থার Ain-Alap ইউনিট ২০১৩ সাল থেকে হিজরা ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর আইনি সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছে। আইনি পরামর্শ, বিরোধ নিষ্পত্তি, আইনজীবী নিয়োগে সহায়তা, দেশব্যাপী আইন ক্লিনিক ও মানবাধিকার হেল্পলাইনসহ বিভিন্ন সেবা ইউনিটটি পরিচালনা করে।


মন্তব্য করুন