সাত কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন-এর ডাকে বুধবার (১৪ জানুয়ারি) ঢাকার সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়ে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।
বেলা ১১টার দিকে কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা রাজধানীর তাঁতীবাজার মোড় অবরোধ করেন। একই সময়ে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় অবরোধে অংশ নেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে তিতুমীর কলেজ ও বাঙলা কলেজের শিক্ষার্থীরা টেকনিক্যাল মোড়ে অবরোধ কর্মসূচি শুরু করেন।
অবরোধ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল— রাষ্ট্র তোমার সময় শেষ, জারি করো অধ্যাদেশ’।
আন্দোলনকারী শিক্ষার্থী ইউশা বিন আলম বলেন, আগামীকাল বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের শেষ কেবিনেট সভা অনুষ্ঠিত হবে। দীর্ঘ দেড় বছরের বেশি সময় ধরে আমরা সাত কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি। অধ্যাদেশ জারি না হলে শিক্ষার্থীরা সেশনজট ও পরিচয় সংকটে পড়বে। সে কারণেই সরকারের দৃষ্টি আকর্ষণে আমরা এই ব্লকেড কর্মসূচি পালন করছি।
তিনি আরও বলেন, আমরা চাই আগামীকালই অধ্যাদেশ জারি হোক। অধ্যাদেশ নিয়েই আমরা ঘরে ফিরতে চাই। কোনো ধরনের কালক্ষেপণ আমরা মেনে নেব না।
ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নাইম হাওলাদার বলেন, এক দফা দাবিতে আমরা সায়েন্স ল্যাব ও টেকনিক্যাল মোড়ে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালন করছি। সরকারের ওপর চাপ সৃষ্টি করতেই এই কর্মসূচি।
অবরোধের ফলে সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। অনেক যাত্রীকে বাধ্য হয়ে গন্তব্যে পৌঁছাতে হেঁটে যেতে দেখা যায়। এ সময় কিছু যাত্রীর সঙ্গে শিক্ষার্থীদের বাকবিতণ্ডার ঘটনাও ঘটে।
উল্লেখ্য, এক দফা দাবিতে আজকের অবরোধ কর্মসূচির ঘোষণা গতকাল মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দেয় ‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন’। তাদের দাবি হলো—১৫ জানুয়ারি উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের হালনাগাদ খসড়ার অনুমোদন এবং রাষ্ট্রপতির মাধ্যমে চূড়ান্ত অধ্যাদেশ জারি।
দুপুর আড়াইটার দিকে তাঁতীবাজার মোড়ের অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। পরে তারা সায়েন্স ল্যাবে অবস্থানরত অন্যান্য আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন।


মন্তব্য করুন