https://daynightbd.com


বর্তমান সরকারের কাছে জুলাই সনদ ও গণভোটসহ বিভিন্ন দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনে বক্তব্যকালে তিনি এ হুঁশিয়ারি দেন।
নাহিদ ইসলাম বলেন, দাবি আদায়ে শুধু জাতীয় সংসদে সীমাবদ্ধ থাকলে চলবে না, রাজপথেও আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। গণআন্দোলনের মাধ্যমেই সরকারকে জুলাই সনদ, গণভোট এবং শ্রমিকদের অধিকারসংক্রান্ত সব দাবি বাস্তবায়নে বাধ্য করা সম্ভব।
তিনি অভিযোগ করেন, জনগণের অধিকার আদায়ের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সরকার তা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। এমন প্রতিশ্রুতি ভঙ্গের পরিণতি ভালো হয় না বলেও সতর্ক করেন তিনি।
তিনি আরও বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে প্রত্যাশা ছিল, তা পূরণে সরকার ব্যর্থ হয়েছে। দেশের রাজনীতি, অর্থনীতি ও সমাজের প্রতিটি ক্ষেত্রে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।
এ লক্ষ্যে শ্রমিক, ছাত্র এবং সাধারণ জনগণকে এক কাতারে দাঁড়িয়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
