গাজীপুরের কালীগঞ্জে মাছ বিক্রি করতে গিয়ে বজ্রপাতে পাণ হারালেন মো. জাকির হোসেন খান (৩২) নামে এক যুবক। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের বরাইয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন খান ওই গ্রামের সুলতান খানের ছেলে। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালেও জাকির হোসেন বিল থেকে মাছ ধরে বাড়িতে ফেরেন। পরে মাছ বিক্রির উদ্দেশ্যে প্রতিবেশী রতন বেপারীর বাড়িতে গেলে জানতে পারেন তিনি বাজারে গেছেন। এ সময় সেখানে তার বন্ধু শরীফের সঙ্গে দেখা হয়। শরীফ নিজের বাড়ির জন্য কিছু ছোট মাছ পাঠাতে বললে জাকির তা নিয়ে রওনা দেন।

পথিমধ্যে বাড়ির কাছাকাছি পৌঁছালে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। একই সময়ে বাজার থেকে বাড়ি ফেরার পথে হামিদ খান নামের এক ব্যক্তি তাকে পড়ে থাকতে দেখে চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন।
পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।