গাজীপুরের টঙ্গীর আলোচিত মাদক স্পট হাজী মাজার বস্তিতে টানা দুই দিনের অভিযানে ১০৭ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৯ এপ্রিল) ভোররাতে টঙ্গী পশ্চিম থানা পুলিশের পৃথক অভিযানে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ৩৩ জনকে আটক করা হয়। এর আগে মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত থেকে ভোর পর্যন্ত প্রায় ছয় ঘণ্টাব্যাপী বিশেষ অভিযানে আরও ৭৪ জনকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটকদের বিরুদ্ধে মাদক সেবন ও বিক্রি ছাড়াও চুরি ও ছিনতাইয়ের মতো বিভিন্ন অভিযোগ রয়েছে। অভিযানের সময় উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য, মাদক বিক্রির নগদ অর্থ এবং চুরি-ছিনতাইয়ে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, “মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া বিশেষ অভিযানে ৭৪ জন এবং সর্বশেষ অভিযানে আরও ৩৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।”
স্থানীয়দের মতে, হাজী মাজার বস্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। নিয়মিত এমন অভিযান চালানো হলে এলাকায় অপরাধ প্রবণতা কমে আসবে বলে আশা করছেন তারা। পুলিশ জানিয়েছে, মাদক ও অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।