জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে ইংরেজি বিভাগকে ২-০ গোলে পরাজিত করে আবারো ফাইনাল নিশ্চিত করেছে অর্থনীতি বিভাগ।

১৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত সেমিফাইনাল ম্যাচে বিজয়ী দলের হয়ে একটি করে গোল অর্জন করেন রাকিবুল ও দেলোয়ার। বিপরীতে পূর্ণ চেষ্টা চালিয়েও অর্থনীতির মজবুত রক্ষণব্যূহ ভেদ করে কোনো গোল পরিশোধ করতে পারেনি ইংরেজি বিভাগ।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পশরা সাজায় অর্থনীতি বিভাগ। একের পর এক সুসংগঠিত আক্রমণে প্রতিপক্ষের ওপর মানসিক চাপ তৈরি করে তারা। প্রথমার্ধেই চমৎকার এক দলীয় আক্রমণ থেকে অর্থনীতি বিভাগকে এগিয়ে নেন দেলোয়ার। পিছিয়ে পড়ার পর সমতায় ফিরতে ইংরেজি বিভাগ বেশ কয়েকটি পাল্টা আক্রমণ চালালেও গোলমুখ খুলতে পারেনি। পরবর্তীতে দেলোয়ারের চোখধাঁধানো এক গোল ইংরেজি বিভাগের ফিরে আসার সব আশা শেষ করে দেয় এবং ২-০ গোলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে অর্থনীতি বিভাগ।

এই জয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নিজেদের একচ্ছত্র আধিপত্য আরো একবার প্রমাণ করল অর্থনীতি বিভাগ। টুর্নামেন্টের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, শেষ ছয়টি টুর্নামেন্টের মধ্যে রেকর্ড পাঁচটিতেই ফাইনাল খেলার গৌরব অর্জন করেছে এই বিভাগটি। ক্যাম্পাসের ক্রীড়া ইতিহাসে অর্থনীতি বিভাগের আধিপত্য রূপকথার মতো। আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় তারা এ পর্যন্ত রেকর্ড ১৫ বার চ্যাম্পিয়ন হওয়ার সাফল্য অর্জন করেছে। কেবল ফুটবলেই নয়, ক্রিকেটেও সমান রাজত্ব চালিয়েছে বিভাগটি; যেখানে তাদের ঝুলিতে রয়েছে রেকর্ড ১৬টি শিরোপা। অন্যান্য ইনডোর ও আউটডোর খেলাগুলোতেও তাদের এই দাপুটে পারফরম্যান্স অব্যাহত রয়েছে। মাঠে দারুণ ফুটবল উপহার দিয়ে আবারো শিরোপার খুব কাছে চলে যাওয়া অর্থনীতি বিভাগ এখন চূড়ান্ত ট্রফি উদযাপনের প্রহর গুনছে।

খেলা শেষে রাকিবুল বলেন, দলকে এগিয়ে নিতে পেরে সত্যিই দারুণ লাগছে। তবে এই জয় কোনো একক ব্যক্তির নয়, পুরো দলের সুসংগঠিত প্রচেষ্টার ফল। ইংরেজি বিভাগ প্রতিপক্ষ হিসেবে যথেষ্ট শক্তিশালী ছিল, কিন্তু আমরা শুরু থেকেই আমাদের স্বাভাবিক আক্রমণাত্মক খেলা ধরে রাখতে পেরেছি। অর্থনীতি বিভাগের ঐতিহ্যই হলো ফাইনাল খেলা ও চ্যাম্পিয়ন হওয়া। আমাদের লক্ষ্য এখন একটাই, ফাইনালের মাঠে নিজেদের সেরাটা দিয়ে অর্থনীতি বিভাগকে আরও একটি ট্রফি উপহার দেওয়া।

দেলোয়ার বলেন, আজকে আরও একটি গোল করে দলের জয় সুনিশ্চিত করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ২-০ ব্যবধানের এই জয় ফাইনালে নামার আগে আমাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে। ম্যাচে আমাদের রক্ষণভাগ থেকে শুরু করে আক্রমণভাগ—সবাই দারুণ ফুটবল খেলেছে। ক্যাম্পাসের ক্রীড়া ইতিহাসে ফুটবলে ১৫ বার এবং ক্রিকেটে ১৬ বার চ্যাম্পিয়ন হওয়ার যে গৌরবোজ্জ্বল রেকর্ড রয়েছে, আমরা সেটির মমর্যাদা ধরে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। ফাইনাল ম্যাচেও এই ধারাবাহিকতা বজায় রেখে আমরা শিরোপা ঘরে তুলব, ইনশাআল্লাহ।

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, অর্থনীতি বিভাগ আবারো ফাইনালে ওঠায় ফুটবল দলের সবাইকে আন্তরিক অভিনন্দন। অ্যাকাডেমিক সাফল্যের পাশাপাশি জাবির ক্রীড়াঙ্গনে অর্থনীতি বিভাগের যে গৌরবোজ্জ্বল ঐতিহ্য রয়েছে, আমাদের শিক্ষার্থীরা তা আবারও প্রমাণ করেছে। মাঠের সেরা পারফরম্যান্স ও শৃঙ্খলা বজায় রেখে তারা ফাইনালেও জয় ছিনিয়ে আনবে এবং বিভাগে আরও একটি শিরোপা যুক্ত করবে—এই প্রত্যাশা রইল। পুরো দলের জন্য শুভকামনা।