বাংলার লোকসংগীত ও বাউল দর্শনকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘বাউল বিসর্গ’। আগামী ২০ সেপ্টেম্বর (রোববার) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণে এ আয়োজন করবে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন সুস্বর।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংগঠনটি।

‘পৃথিবীটা একদিন বাউল-এর হবে’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে থাকবে বাউল দর্শন ও বাংলা লোকসংগীত নিয়ে আলোচনা, বাউল ও লোকগানের পরিবেশনা এবং পঞ্চকবির লোকসংগীতের বিশেষ আয়োজন।

অনুষ্ঠানে বাংলাদেশের প্রখ্যাত লোকসংগীতশিল্পী খালেক দেওয়ান ও তাঁর দল পালাগান পরিবেশন করবেন। এ ছাড়া ভারতের রবীন্দ্রসংগীতশিল্পী ও ‘দ্য টেগোর বয়েজ’-এর কণ্ঠশিল্পী দীপাঞ্জন পাল, বাংলাদেশের নজরুলসংগীতশিল্পী শুভ কর্মকার এবং পঞ্চকবি ও রবীন্দ্রসংগীতশিল্পী হর্ষ মুখোপাধ্যায় অংশ নেবেন। এসরাজশিল্পী সৌমিত রায় ও তালযন্ত্রশিল্পী সহন দেওয়ানের পরিবেশনাও থাকছে আয়োজনে।

আয়োজনের বিশেষ আকর্ষণ ‘পঞ্চকবির বাউল ভাবনা ও গান’ শীর্ষক পরিবেশনা। এতে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন ও অতুলপ্রসাদ সেনের সৃষ্টিতে বাউল ভাবনার প্রভাব তুলে ধরা হবে।

আয়োজকেরা জানান, বাংলা লোকসংগীতের স্বতন্ত্র বৈশিষ্ট্য কেবল এর সুরে নয়, বরং এর অন্তর্নিহিত দর্শনেও নিহিত। মানুষের জীবন, প্রেম, বিরহ, আধ্যাত্মিকতা ও মানবিক চেতনার প্রকাশ ঘটেছে এ সংগীতধারায়। ‘বাউল বিসর্গ’-এর মধ্য দিয়ে সেই ঐতিহ্যকে গান, কথন ও আলোচনার মাধ্যমে নতুন প্রজন্মের সামনে উপস্থাপন করা হবে।

অনুষ্ঠানে আলোচক হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. জহির রাইহান রাইন এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের প্রভাষক নাহিদুল হাসান নাঈম।

২০১৩ সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংগীতচর্চা করে আসছে সুস্বর। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে বাংলা ও উপমহাদেশের সংগীত ঐতিহ্যকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার কাজ করে আসছে। এর উল্লেখযোগ্য আয়োজনের মধ্যে রয়েছে ‘ভাব সায়রের নাইয়া’, ‘গানে গানে রবি-নজরুল’, ‘অনুরাগে হিয়া জাগে’, ‘সপ্তসুরে সুস্বর’ এবং ‘শাস্ত্রীয় সুরে সুস্বর—আন্তঃবিশ্ববিদ্যালয় সংগীত উৎসব’।

সুস্বর সংগঠনের কার্যকরী সদস্য নিয়াজ মোর্শেদ নাহিদ বলেন, “সাংস্কৃতিক সংগঠন সুস্বর ‘বাউল বিসর্গ’ অনুষ্ঠানের মাধ্যমে মূলত বাংলার পাঁচজন কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, অতুল প্রসাদ সেন,রজনীকান্ত সেন এবং দ্বিজেন্দ্রলাল রায়ের বাউল ভাবনাকে পুনরুজ্জীবিত করার ক্ষুদ্র প্রচেষ্টা করছে। এই অনুষ্ঠানে কলকাতার জনপ্রিয় রবীন্দ্র সংগীত শিল্পী দীপাঞ্জান পাল এবং বাংলাদেশের স্বনামধন্য লোকসংগীত শিল্পী খালেক দেওয়ান ও তারন দল অতিথিশিল্পী হিসেবে উপস্থিত থাকবেন।”

তিনি আরো বলেন, “আমরা আশা রাখি সুস্বর প্রতিষ্ঠানকালীন সময় থেকেই জাহাঙ্গীরনগরের সাংস্কৃতিক মহলে যে অগ্রণী ভূমিকা পালন করে আসছে, ‘বাউল বিসর্গ’ অনুষ্ঠানের মাধ্যমে সুস্বর সেই প্রচেষ্টায় নিজেদের আরো একধাপ সামনে এগিয়ে নিয়ে যাবে।”

আয়োজনটি উপভোগ করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্ব, সাংবাদিক, শিল্পী ও সংস্কৃতিপ্রেমীদের আমন্ত্রণ জানিয়েছে সুস্বর।