প্রতি বছর রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যসহ দেশের বেশিরভাগ পণ্যের মূল্যবৃদ্ধি হয়। এক্ষেত্রে বিভিন্ন সিন্ডিকেট ও অসাধু ব্যবসায়ী মজুদ ও পণ্য সংকট অবস্থা সৃষ্টি করে এই মূল্য বৃদ্ধি করে থাকে। তবে এবার রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকার সব ধরনের পদক্ষেপ নেবে বলে জনগণকে আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিএনপি নেতাদের মিথ্যাচার ও বিভ্রান্তিকর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এ কথা বলেন।
বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, একইভাবে তারা দ্রব্যমূল্য নিয়েও মিথ্যাচার করে যাচ্ছেন। অথচ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখতে টাস্কফোর্সের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিদেশ থেকে বিভিন্ন ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির সুযোগ সম্প্রসারিত করা হয়েছে। আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকার সব ধরনের পদক্ষেপ নেবে।
ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষের আয় বাড়েনি বলে বিএনপির এক নেতা নির্লজ্জ মিথ্যাচার করছেন। অথচ ২০০৬ সালে বিএনপি-জামায়াত শাসনামলে মাথাপিছু আয় ছিল ৫৪৩ মার্কিন ডলার। বর্তমানে মাথাপিছু আয় দুই হাজার ৭৬৫ মার্কিন ডলার। এই সময়ের ব্যবধানে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে পাঁচ গুণের বেশি।
সেতু মন্ত্রী বলেন, বিএনপির আমলে মঙ্গা-খরা ও দুর্যোগে না খেতে পেয়ে মানুষকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হত। অর্ধাহারে-অনাহারে দিনাতিপাত করতে হত। আর সেখানে বাংলাদেশ আজ সামগ্রিক খাদ্য উৎপাদন কয়েক গুণ বাড়িয়ে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছে।
শেখ হাসিনার আমলে কেউ না খেয়ে মারা যায় না বলে উল্লেখ করে তিনি বলেন,গৃহহীন মানুষেরও গৃহ ও খাদ্যের সংস্থান করা হয়েছে। এসব তথ্য-উপাত্ত বিএনপি নেতারা দেখতে পান না। তারা তথ্য-উপাত্তের ভিত্তিতে কথা বলে না; গায়ের জোরে মিথ্যাচার করেন, অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি সৃষ্টি করেন।


মন্তব্য করুন