চায়ের রাজধানী সিলেটে টেস্টের প্রথম দিনের শেষ বিকেলটা হতাশায় কাটলো বাংলাদেশের। এদিন টস হেরে ব্যাট করতে নেমে টাইগার পেসারদের তোপে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েও কামিন্দু মেন্ডিস ও ধনঞ্জয়া ডি সিলভার জোড়া সেঞ্চুরিতে ৬৮ ওভারে ২৮০ রানে থামে লঙ্কানদের ইনিংস। জবাবে শেষ বিকেলে ব্যাট করতে নেমে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩২ রান। ২৪৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবে স্বাগতিকরা।

লঙ্কানদের প্রথম ইনিংসে করা ২৮০ রানের জবাব দিতে নেমে ১৭ রান তুলতেই ২ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। লঙ্কান বাঁহাতি পেসার বিশ্ব ফার্নান্ডো এলবিডব্লিউ করে ফিরিয়েছেন ওপেনার জাকির হাসান (৯) আর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে (৫)। টিকতে পারেননি মুমিনুল হকও। কাসুন রাজিথার বলে স্লিপে ক্যাচ দিয়ে তিনি ফেরেন ৫ করে। মাহমুদুল হাসান জয় ৯ আর তাইজুল ইসলাম শূন্য রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।

শুক্রবার (২২ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খালেদ আহমেদের তোপে প্রথম সেশনেই ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে লঙ্কানরা। সেখান থেকে ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসের বড় জুটি। কিছুতেই কিছু হচ্ছিল না। পিচে আঠার মতো লেগে থেকে রান করেই যাচ্ছিলেন দুই লঙ্কান ব্যাটার। ষষ্ঠ উইকেটে ২০২ রানের জুটি করে বাংলাদেশকেই ব্যাকফুটে নিয়ে গিয়েছিলেন তারা।

অবশেষে লঙ্কানদের সেই জুটি ভাঙেন অভিষিক্ত পেসার নাহিদ রানা। তার বাউন্সি বল ঠেকাতে গিয়ে উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ হন কামিন্দু মেন্ডিস।

আউট হওয়ার আগেই মেন্ডিস হাঁকিয়ে ফেলেন সেঞ্চুরি। ১২৭ বলে ১০২ রান করেন এই বাঁহাতি ব্যাটার। মেন্ডিসের আউটের পর সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন ধনঞ্জয়া। এরপর নাহিদ তুলে নিয়েছেন তার উইকেটও। ১৩১ বলে ধনঞ্জয়াও করেন ১০২ রান।

এরপর লেজটা ছেঁটে দিতে আর বেশি সময় নেয়নি বাংলাদেশ। ৬৮ ওভারে ২৮০ রানেই থামে শ্রীলঙ্কার প্রথম ইনিংস।

খালেদ আহমেদ ৭২ আর নাহিদ রানা ৮৭ রান খরচায় নেন ৩টি করে উইকেট। একটি করে উইকেট তাইজুল ইসলাম আর শরিফুল ইসলামের।