আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচে নিজের জাত চেনালেন তানজিদ হাসান তামিম। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ক্রিকেটার দিনটিকে ব্যাট হাতে রাঙিয়ে রাখলেন। সময় উপযোগী ফিফটিতে দলের জয়ে রাখলেন ভূমিকা। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটিতে ৮ উইকেটের সহজ জয় পেল বাংলাদেশ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার (৩ মে) বিদারাত্রির ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। শেখ মেহেদী হাসান-তাসকিন আহমেদ-সাইফদ্দিন আহমেদের বোলিং তোপে সফরকারীরা নির্ধারিত ২০ ওভারে ১২৪ রানে অলআউট হয়। সহজ লক্ষ্য তাড়ায় টিম টাইগার্স ২৮ বল হাতে রেখে মাত্র ২ উইকেট হারিয়ে বিজয় নিশ্চিত করে।
১২৫ রানে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দেখেশুনে খেলছিল বাংলাদেশ। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে সাজঘরে ফেরেন কোনোভাবেই নিজেকে ফর্মে ফেরাতে না পারা লিটন দাস। বাংলাদেশের ডানহাতি এ ব্যাটার ৩ বল খেলে এক রানে ব্লেসিং মুজারবানির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। ইনসুইং ডেলিভারিতে দৃষ্টিকটুভাবে লিটনের ব্যাট ও প্যাডের ফাঁক গলে বল স্টাম্পে আঘাত হানে।
এরপর আসে বৃষ্টির বাধা। খেলা বন্ধের আগে তিন ওভার খেলা শেষে এক উইকেট হারিয়ে ১০ রান সংগ্রহ করেছিল টিম টাইগার্স।
বৃষ্টির পর আবারো শুরু হয় খেলা। চতুর্থ ওভারের তৃতীয় বলে ব্লেসিং মুজারাবানির বলে পুল করতে গিয়ে বল আকাশে তুলেছিলেন তানজিদ। জিম্বাবুয়ের উইকেটরক্ষক মাদান্দে ক্যাচ নিতে গিয়ে সতীর্থের সঙ্গে সংর্ঘষে মিস করেন। একই ওভারের শেষ বলে কাভারে তানজিদের ক্যাচ ছাড়েন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা।
এর আগে, ব্যাট করতে নেমে শূন্য রানে আউট হন শন উইলিয়ামস। পরের বলে শূন্য রানে সাজঘরের পথ ধরেন রায়ান বার্ল। ৭ ওভার শেষে ৩৯ রানে ৬ উইকেকে পরিণত হয় সফরকারীরা। অষ্টম ওভারে আবারও সাইফউদ্দিনের আঘাত। এবার দুই রানে সাজঘরে ফেরেন লুক জংউই।
অষ্টম উইকেটে দারুণ এক জুটি গড়েন ওয়েলিংটন মাসাকাদজা ও মাদান্দে। তাদের এ জুটি থেকে আসে ৬৪ বলে ৭৫ রান। জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন মাদান্দে। এ ছাড়া মাসাকাদজা করেন ৩৩ রান। এরপর শেষে আবারো ব্যাটিং ধস। ৮ রান যোগ করতেই শেষ ৩ উইকেট হারিয়ে অলআউট হয় জিম্বাবুয়ে।
তাসকিন আহমেদ ও দীর্ঘ সময় পর জাতীয় দলে ফেরা মোহাম্মদ সাইফদ্দিন ৪ ওভারে ১৪ রানে ৩ উইকেট নেন। এ ছাড়া শেখ মেহেদী হাসান ৪ ওভারে ১৬ রানে ২ উইকেট পান।


মন্তব্য করুন