উত্থান-পতনের মধ্য দিয়ে কাটছে মৌসুম। দারুণ খেলেও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয় বার্সেলোনাকে। কোপা দেল’রের শিরোপাও হয়েছে হাতছাড়া। লা লিগা শিরোপা তো আরও আগেই মুখো গলে বেরিয়ে গেছে। চার ম্যাচ হাতে রেখেই তা নিজেদের করে নিয়েছে রিয়াল মাদ্রিদ।

রোববার তো শিরোপাও বুঝে পেয়েছে দলটি। ছাদখোলা বাসে চেপে শহরের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে দলটি করেছে উৎসব। তা নিশ্চিত করেই যন্ত্রণা বাড়িয়েছে বার্সেলোনার। রিয়াল যে তাদের চিরশত্রু।
শুধু রিয়াল নয়, এবারের লা লিগায় বার্সার শত্রু হয়ে উঠেছে জিরোনাও। চমক দেখিয়ে লম্বা সময় পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল দলটি। শেষদিকে অবশ্য ধারাবাহিক পারফরম্যান্সে তাদের হটিয়ে দেয় রিয়াল, বার্সাও উঠে আসে দ্বিতীয় স্থানে। তবে সাম্প্রতিক সময়ে জিরোনা আবার ফিরে পেয়েছে নিজেদের। রানার্সআপ হওয়ার দৌড়ে বার্সার গায়ে গা লাগিয়ে ছুটছে তারা। অবশ্য নিজেদের হাতে থাকা সবশেষ চার ম্যাচে বার্সেলোনা জিতলে তারাই রানার্সআপ হবে। কেননা ৭৫ পয়েন্ট নিয়ে জিরোনা এ মুহূর্তে দুইয়ে থাকলেও তারা ম্যাচ খেলেছে ৩৫টি। অন্যদিকে ৩৪ ম্যাচে বার্সার পয়েন্ট ৭৩। এমতাবস্থায় যদি রানার্সআপ হতে না পারে বার্সা, তা দলের জন্য বড় বিপর্যয় হবে বলেই মনে করছেন জার্ভি হার্নান্দেজ।

সবশেষ ম্যাচে জিরোনার কাছেই হেরেছে বার্সেলোনা। তাতে বড় ধাক্কাই খেয়েছে কাতালানরা। পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ। এ ম্যাচ জিতলে জিরোনাকে টপকে দুইয়ে উঠবে তারা। সুযোগটা জিরোনাই করে দিয়েছে নিজেদের সবশেষ ম্যাচে দেপোর্তিভো আলাভেসের সঙ্গে ২-২ গোলে ড্র করে। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে আজ রাতে সোসিয়েদাদের মুখোমুখি হবে বার্সেলোনা। ওই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জাভি জানিয়েছেন, দুইয়ে ওঠার সুযোগটা কাজে লাগাতে মুখিয়ে আছে তার দল, ‘দ্বিতীয় স্থান পুনরুদ্ধারের আরেকটি সুযোগ আছে আমাদের। আমাদের জন্য এটি অনেক বড় সুযোগ। রিয়াল সোসিয়েদাদ শক্ত প্রতিপক্ষ। তারা রক্ষণে বেশ আগ্রাসী, আক্রমণভাগেও তাদের অনেক শক্তি আছে।’

প্রতিপক্ষের এই শক্তির জায়গায় আজ যদি আঘাত করতে না পারে বার্সেলোনা, তা হলে রানার্সআপ হয়ে লা লিগা শেষ করাটা তাদের জন্য বড্ড কঠিন হয়ে পড়বে। যে কারণে জিততে মরিয়া জাভি। অন্যথায় বড় বিপর্যয়ই হবে, বার্সেলোনা কোচের এমনই অভিমত। শিষ্যদের সতর্কবার্তা দিয়ে তিনি বলেছেন, ‘গুরুত্বপূর্ণ ম্যাচ এটি। (জিততে না পারাটা) হবে বড় ধাক্কা। দ্বিতীয় স্থান পুনরুদ্ধার করার অর্থ অনেক কিছু।’ জাভি যোগ করেন, ‘দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করতে না পারাটা হবে বিপর্যয়।’