সবার শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রত্যাশিতরাই আছেন দলে। তবে তাসকিন আহমেদকে নিয়ে ছোট্ট একটা চমকই ছিল। চোটের কারণে আগের রাতেও তিনি অনিশ্চিত ছিলেন, অথচ তাকেই করা হয়েছে দলের সহ-অধিনায়ক। মঙ্গলবার দল ঘোষণার সময় অধিনায়ক নাজমুল হোসেন শান্তর পরই যখন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তাসকিন আহমেদ নামটা উচ্চারণ করেন, তখনই খটকা লাগে-নামটা এত ওপরে কেন! পরক্ষণেই ‘ভাইস ক্যাপ্টেন’ উল্লেখ করে লিপু পরিষ্কার করেন বিষয়টি।
প্রধান নির্বাচকের কথায় স্পষ্ট, যোগ্য বলেই বিশ্বকাপের মতো আসরে তাসকিনকে সহ-অধিনায়ক করা হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি বললেন, ‘এটা বিসিবির সিদ্ধান্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আমাদের অবহিত করা হয়েছে যে তারা ভাইস ক্যাপ্টেন হিসেবে তাসকিন আহমেদকে বিবেচনা করেছে। উনি (তাসকিন) পরের জেনারেশনের একজন সম্ভাবনাময় খেলোয়াড়। একটা ডিপার্টমেন্টকে নেতৃত্ব দিচ্ছে এবং দীর্ঘদিন ধরে জাতীয় দলের হয়ে বিভিন্ন ফরম্যাটে খেলছে। সে জন্যই হয়তো তাকে ডিজার্ভিং ক্যান্ডিডেট মনে করছে বিসিবি।’
বিশ্বকাপ দলে থাকলেও তাসকিনের খেলা নিয়ে রয়েছে শঙ্কা। এর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে তারকা পেসার খেলতে পারছেন না, এটা শতভাগ নিশ্চিত। ওই সময়টায় দলের সঙ্গে থেকেই পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাবেন তিনি। ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচের আগে ২৪ দিন সময় পাচ্ছেন তাসকিন। এর মধ্যেই সুস্থ হয়ে উঠতে পারেন ডানহাতি পেসার। অর্থাৎ বিশ্বকাপের একটা পর্যায়ে তাসকিনকে পাওয়া যাবে, মেডিকেল বিভাগ থেকে এমন তথ্যই পেয়েছেন নির্বাচকরা।
যদি দুর্ভাগ্য তাসকিনের পিছু না ছাড়ে তা হলে ভাগ্য খুলবে হাসান মাহমুদের। এমন পরিস্থিতিতে নতুন করে সহ-অধিনায়কও খুঁজতে হবে বিসিবিকে। তবে প্রধান নির্বাচক লিপুর প্রত্যাশা, সেরকম পরিস্থিতিতে পড়তে হবে না দলকে, ‘যতটুকু তথ্য জানা আছে, ওই তথ্যের আলোকে আমরা আশা রাখছি-তিনি হয়তো বিশ্বকাপ চলার কোনো একটা পর্যায়ে সুস্থ হয়ে যাবেন। সেই আলোকেই তাকে দলভুক্ত করা হয়েছে।’ এ প্রসঙ্গে লিপু আরও বলেছেন, ‘এবারের নিয়ম হলো-একজন ইনজুরড ক্রিকেটারকেও দলে রেখে টুর্নামেন্টে ঢুকতে পারবেন। উনি যদি সুস্থ হন তো ভালো, না হলে পরিবর্তন করা যাবে।’


মন্তব্য করুন