ক্যারিয়ারটা একেবারে ছোট নয় তার। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক সেই ২০১৫ সালে। এরপর কেটে গেছে ৯টি বছর। অখ্যাত থেকে এই সময়ের ব্যবধানে মোস্তাফিজুর রহমান ক্রিকেট দুনিয়ায় হয়ে উঠেছেন অতি পরিচিত মুখ। এখন অনেক পরিণত তিনি, বিশ্বমানের একজন বোলার। খেলছেন দেশের বাইরেও বিভিন্ন লিগে। এক আইপিএলেই খেলে ফেলেছেন সাতটি আসর। দেশের ক্রিকেটে তো বটেই, বিদেশি লিগেও মোস্তাফিজ এখন অনেক বড় নাম।
বিশেষ করে টি-টোয়েন্টি সংস্করণে নিজেকে কিছুটা আলাদাভাবেই চিনিয়েছেন কাটার মাস্টার। নিজ প্রতিভা মেলে ধরতে পেরেছেন দারুণভাবে। মূলত সাদা বল তথা সীমিত ওভারের ক্রিকেটেই বেশি স্বাচ্ছন্দ্য তিনি। যে কারণে প্রায় এক দশকের ক্যারিয়ারে যেখানে মাত্র ১৫টি টেস্ট খেলেছেন, সেখানে ১০৩টি ওয়ানডের পাশাপাশি খেলে ফেলেছেন ৯২টি টি-টোয়েন্টি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও এ পর্যন্ত খেলে ফেলেছেন ২৫১টি ম্যাচ। তাই তো ফিজের কাছে এই সংস্করণই হয়ে উঠেছে প্রিয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তা স্বীকারও করে নিলেন আরও একবার, ‘ভালো লাগার প্রসঙ্গ এলে আমি টি-টোয়েন্টিটা খুব পছন্দ করি। এই সংস্করণে চাপ বেশি। এ কারণেই মনে হয় আমার ভালো লাগে। আমি চাপটা অনেক উপভোগ করি।’
অভিষেকের বছরে চমক দেখিয়ে ২০১৬ সালে প্রথমবার খেলতে নামেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। প্রথমবারেই বাজিমাত করেছিলেন, ১৬ ম্যাচে ১৭টি উইকেট নিয়ে হয়েছিলেন সেরা উদীয়মান ক্রিকেটার। দলকে এনে দিয়েছিলেন শিরোপা। এরপর থেকে নিয়মিত খেলছেন আইপিএল। ভালো সময়ের পর লম্বা সময় ধরে খারাপ সময়ের মধ্য দিয়ে গেছেন। তবে এবার আবার নতুন করে চিনিয়েছেন নিজেকে। দারুণ পারফরম্যান্সে চেন্নাই সুপার কিংসের বোলিং ভরসা হয়ে উঠেছিলেন। কিন্তু জাতীয় দলের ব্যস্ততা থাকায় আসরটির মাঝপথেই ফিরতে হয় তাকে। এরপর চেন্নাইকে দেখা যায়নি চেনা ছন্দে। দলটি প্লে-অফেও উঠতে পারেনি শেষ ম্যাচে বেঙ্গালুরুর কাছে হেরে। ওই হারের পর দলীয় অধিনায়কের কণ্ঠে ছিল মোস্তাফিজকে না পাওয়ার আক্ষেপ।
আক্ষেপ আছে মোস্তাফিজেরও। বৈশ্বিক আসরে বড় কোনো অর্জন না থাকার আক্ষেপ। বিদেশি লিগগুলোতে নিয়মিত মুখ হলেও দেশের জার্সিতে খেলতেই গর্ববোধ করেন কাটার মাস্টার। কিন্তু এখনও দেশকে বড় কিছু দিতে পারেননি। আক্ষেপ করে তিনি বলেছেন, ‘দেশের হয়ে খেলা তো একটা গৌরবের বিষয়। আমি সবসময় দেশের হয়ে খেলাটা উপভোগ করি। আমার মনে হয় যখন কোনো বড় টুর্নামেন্ট হয়, কেউ কোনো বড় ট্রফি জেতে, তখন বড় খেলোয়াড় বলা হয়। এই আক্ষেপ তো সবসময় রয়েই গেছে।’ তবে বিশ্বকাপের আগে এমন ছন্দময় মোস্তাফিজকে পেয়ে খুশি টাইগার শিবির। দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে তো তাকে নিয়ে বেশ উচ্চকণ্ঠও হয়েছেন।
এই ‘ফিজ’ নামটাও হাথুরুর দেওয়া। বিশ্ব ক্রিকেট ওই নামেই এখন চেনে মোস্তাফিজকে। নামটা পাওয়ার পেছনের গল্পও শুনিয়েছেন কাটার মাস্টার, ‘আমাদের যে বোর্ডটা আছে-ফিল্ডিং সেশন, বোলিং সেশনের বিষয় লেখা থাকে, ওই বোর্ডে যদি পুরো নাম লেখে, তা হলে অনেক বড় হয়ে যায়। এ কারণে লেখে ফিজ। প্রথম দিন আমি বুঝিনি। ভেবেছি এটা কে। তারপর আমাকে বলেছে, এটা তুমি। এরপর থেকেই…এরপর আমি আইপিএলে খেলতে গিয়েছিলাম ২০১৬ সালে। ওখানেও ফিজ নামটা জনপ্রিয় হয়ে গেছে। এরপর থেকেই চলছে।’
বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে পোক্ত মোস্তাফিজ এখনও নিজের ধার বাড়াতে সতীর্থদের সঙ্গে কথা বলেন, তাদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করেন। সবশেষ চেন্নাই সুপার কিংসে খেলার সময় মহেন্দ্র সিং ধোনির সঙ্গটা বেশ উপভোগ করতে দেখা যায় তাকে। বিশ্বকাপে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের মতো দুই অভিজ্ঞ ক্রিকেটারকে পাচ্ছেন। মোস্তাফিজ জানালেন তাদের কাছ থেকেও নেবেন পরামর্শ, ‘আমাদের যে পেস বোলাররা আছে তাসকিন, শরিফুল, সাইফউদ্দিন (বিশ্বকাপ দলে জায়গা পাননি), হাসান মাহমুদ। আমি যেটুকু শিখেছি, সেটা ওদের সঙ্গে ভাগাভাগি করব। এতে যদি আমাদের আরেকটু উন্নতি হয়। সাকিব ভাই আছে, রিয়াদ ভাই আছে। আমরা যদি কখনো আটকে যাই, মাঠে হতে পারে বা কোনো কিছু জানার থাকলে ভাইদের কাছ থেকে সিদ্ধান্তগুলো নিতে পারব।’


মন্তব্য করুন