ক্রিকেটে অখ্যাত যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম দেখাতেই সিরিজ হার নাড়া দিয়েছে বাংলাদেশকে। বলতে গেলে সদ্য শেষ হওয়া সিরিজটি চোখে আঙুল দিয়ে দেখিয়েছে টি-টোয়েন্টিতে টিম বাংলাদেশ কতটা পিছিয়ে। ২০০৬ সালে এই সংস্করণে পা দেওয়ার পর টাইগাররা যেন সেখানেই পড়ে আছে। মাঝেমধ্যে দুয়েকটা জয়ই এখন পর্যন্ত তাদের কাছে বড় অর্জন বলে পরিগণিত। অথচ অনেক পরে আসা আফগানিস্তান, আয়ারল্য্যান্ড কিংবা স্কটল্যান্ডও অনেকদূর এগিয়েছে।
কয়েক দিন পরেই শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। গত আটটি আসরের দিকে তাকালে বাংলাদেশের অর্জনের ঝুলি বলা যায় শূন্য। ২০০৭ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চমক দেখানো দলটা এরপর থেকে নিজেরাই চমকের শিকার হয়ে লিখেছে একের পর এক ব্যর্থতার গল্প। আরেকটি বিশ্বকাপ শুরুর আগেও অশনি সংকেত দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রথম দুটি ম্যাচে হারের পর শেষটিতে ১০ উইকেটের বড় জয় পেলেও তাতে তৃপ্তি মিলছে না।
এমন একটা অবস্থানে থেকে বিশ্বকাপ খেলতে নামবে বাংলাদেশ, যা ভাবিয়ে তুলছে ক্রিকেট সংশ্লিষ্টদের। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ দলের নির্বাচকের দায়িত্ব পালন করা মিনহাজুল আবেদীন নান্নুও শঙ্কিত। চলতি বছরের শুরুতে প্রধান নির্বাচকের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া সাবেক এই ক্রিকেটার এখন বিসিবির প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবে কাজ করছেন। তার মতে, টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও অনেক পিছিয়ে বাংলাদেশ, ‘টি-টোয়েন্টি সংস্করণে আমাদের যে স্ট্যান্ডার্ড এই জায়গায় আমরা অনেক পিছিয়ে। এটা কিন্তু মানতে হবে।’
রোববার গণমাধ্যমের মুখোমুখি হয়ে নান্নু বেশ আক্ষেপ করেই বলেন, বাংলাদেশি ক্রিকেটাররা বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে ঠিকমতো খেলার সুযোগ না পাওয়াতেই পিছিয়ে পড়েছে। যদি তিন থেকে চারজন নিয়মিত বাইরের লিগগুলো খেলতে পারতেন, তা হলে বদলে যেত দলের চেহারা।
নান্নুর এমনই অভিমত, ‘বাইরের দেশে যে লিগগুলো হয়, আমাদের কয়টা খেলোয়াড় খেলে। আমাদের নিচের সারির বা কাছাকাছি মানের দল আফগানিস্তানের ১১-১২ জন বেশিভাগ ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে। ওদের অভিজ্ঞতাটা অনেক। আমরাও যাচ্ছি আস্তে আস্তে। আমাদের মোস্তাফিজ এবারের আইপিএলে যথেষ্ট ভালো খেলেছে এবং আমাদের আরও যদি ৩-৪ জন খেলোয়াড় গড়ে ৩-৪টা লিগ খেলতে পারে, তা হলে এই সংস্করণে আমরাও শক্তিশালী হব। তারপরও এই সংস্করণ নিয়ে আগাম কিছু বলতে পারবেন না। একটা দেশের ঘরোয়া ক্রিকেট আর আন্তর্জাতিকের মধ্যে অনেক পার্থক্য আছে।’


মন্তব্য করুন