গত কয়েক দিন ধরে সবচেয়ে বেশিবার উচ্চারিত হয়েছে হান্সি ফ্লিকের নাম। বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজকে বরখাস্ত করার পর হান্সির নামই আসছিল বারবার। শেষ পর্যন্ত সেটিই হলো। বার্সেলোনার প্রধান কোচের দায়িত্ব পেলেন হান্সি ফ্লিক। বুধবার এক বিজ্ঞপ্তিতে জার্মান কোচের দায়িত্ব নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে কাতালান ক্লাবটি।
ফ্লিক আগামী দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বার্সার সঙ্গে। সে অনুযায়ী ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত ন্যু ক্যাম্পের দায়িত্বে থাকবেন এই জার্মান কোচ। ৫৯ বছর বয়সি ফ্লিক এর আগে কাজ করেছেন জার্মানি জাতীয় দলের কোচ হিসেবে। জার্মানি জাতীয় দলের প্রথম কোচ হিসেবে বরখাস্ত হওয়া ফ্লিক ক্লাব ফুটবলে দারুণ সফল। বায়ার্ন মিউনিখে দুই বছর থেকে জিতেছেন ৬টি শিরোপা। যার মধ্যে আছে ২০২০ সালে জেতা চ্যাম্পিয়নস লিগের শিরোপাও। এ ছাড়া দুবার বুন্দেসলিগা এবং একবার করে জিতেছেন জার্মান কাপ, জার্মান সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপের ট্রফি।
ফ্লিক কোচিং ক্যারিয়ারে পা রাখেন ১৯৯৬ সালে। এফসি ভিক্টোরিয়া বামেন্টালে খেলোয়াড় কাম কোচ হিসেবে যাত্রা শুরু। এরপর ২০০০ সাল থেকে পাঁচ বছর হোফেনহেইমে দায়িত্ব পালন শেষে নাম লেখান আরবি সলসবার্গের কোচিং স্টাফে।


মন্তব্য করুন