বিশ্বকাপ শুরু হতে বাকি আর তিন দিন। তার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও নিউইয়র্কের বাজে আবহাওয়ার কারণে বাতিল হয়েছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচটি। অবশ্য এ ম্যাচ না খেলতে আইসিসির কাছে আবেদন জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই আবেদনে আইসিসির সায় না পাওয়ায় খেলতেই হতো টাইগারদের। এ ক্ষেত্রে আবহাওয়া সহায় হয়েছে তাদের।

প্রস্তুতি ম্যাচটি খেলতে না চাওয়ার কারণ যুক্তরাষ্ট্রের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগেই স্বাগতিক দলের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। যদিও ওই সিরিজটা সুখকর হয়নি।

অপেক্ষাকৃত দুর্বল যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হেরে যায় বাংলাদেশ। প্রথম দুটি ম্যাচে এতটাই বাজে খেলে টাইগাররা, যা মেনে নিতে কষ্ট হয়েছে সমর্থকদের। হিউস্টনে প্রথম ম্যাচে ১৫৩ রানের পুঁজি পেয়েও বোলারদের ব্যর্থতায় ৫ উইকেটে হারতে হয়। দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের ১৪৪ রান টপকাতে ব্যর্থ হয় তারা। দেখে ৬ রানে হার। তবে শেষ ম্যাচে স্বরূপে ফেরে টাইগাররা। জয় তুলে নেয় ১০ উইকেটের বড় ব্যবধানে।

সিরিজ শুরুর আগে যুক্তরাষ্ট্রকে কঠিন প্রতিপক্ষ হিসেবে দেখার কোনো সুযোগ ছিল না। কেননা বাংলাদেশের ক্রিকেটারদের অভিজ্ঞতা, সামর্থ্য কিংবা টি-টোয়েন্টির পরিসংখ্যান অন্তত সেটিই বলে। তবে সিরিজ মাঠে গড়াতেই বদলে যায় দৃশ্যপট। এই যেমন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন প্রথম দুটি ম্যাচ দেখে মানতেই পারছিলেন না যে বাংলাদেশ দলের খেলোয়াড়রা এমন ক্রিকেট খেলতে পারে।

যদিও শেষ ম্যাচ জেতায় খুশি তিনি, ‘যে তিনটা খেলা হয়েছে এখন পর্যন্ত, প্রথম দুটি খেলা দেখে মনে হয়েছে ওরা কিছুই পারে না আবার তৃতীয়টা দেখে মনে হয়েছে ওরা অসাধারণ। কাজেই আমি বলতে চাচ্ছি ওদের মধ্যে সেই সামর্থ্যটা আছে।’

যারা যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরেছে, তারা বিশ্বকাপের মতো বড় মঞ্চে কতটা সফলতা পাবে, এমন প্রশ্ন চলেই আসে। গ্রুপ পর্ব পার করে শেষ আটে খেলতে হলে হারাতে হবে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকার মতো শক্তিধর দলকে। এ ছাড়াও আছে নেদারল্যান্সড ও নেপাল, এরা তুলনামূলক ছোট দল। কিন্তু বৈশ্বিক আসরে পচা শামুকে পা কাটার নজির কম নেই বাংলাদেশের। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ঘরের মাঠে হংকংয়ের কাছে হারের স্মৃতি এখনও চোখে ভাসে। ২০২১ আসরে স্কটল্যান্ডের কাছে হারের স্মৃতি তো এখনও তাজা।

ওই অতীত নিয়ে না ভেবে দেশের হয়ে খেলতে যাওয়া ১৫ জনকে নিয়ে আস্থার কথা জানিয়েছেন পাপন। বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে নিজের প্রত্যাশার কথা জানাতে বিসিবি প্রধান বলেন, ‘যে যত কথাই বলুক- যে ছেলেগুলো খেলতে গেছে তাদের ওপর পূর্ণ আস্থা আছে। আমার বিশ্বাস ওদের সামর্থ্য আছে। খেলার আসল দিন গিয়ে ভালো খেলতে পারলে; অবশ্যই ওরা ভালো খেলবে। আমরা চাই ওরা ভালো খেলুক। হারা-জেতার কথাটা কেউ বলতে পারে না। আমরা চাই ওরা ওদের সেরা খেলাটা খেলুক বিশ্বকাপে।’