ফুটবলপ্রেমীদের মুখে-মুখে যে কথাটি শোনা যাচ্ছে, তা যদি সত্যি হয়, তা হলে ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ নিজেদের তুলবে আরও উচ্চতায়। মৌসুমের পর মৌসুম ট্রফি ঘরে তুলে চ্যাম্পিয়ন্স লিগটাকে একরকম নিজেদের সম্পত্তিই বানিয়ে ফেলেছে স্প্যানিশ জায়ান্টরা। প্রতিটি মৌসুমেই তাদের ভাবা হয় নিরঙ্কুশ ফেবারিট। অন্যদিকে ১৯৯৭ সালের চ্যাম্পিয়ন বরুশিয়া ডর্টমুন্ড আজন্মই ইউরোপ সেরা ক্লাব প্রতিযোগিতাটিতে ‘ডার্ক হর্স’। এটাই বাস্তবতা-ডর্টমুন্ড ডার্ক হর্স আর রিয়াল ফেবারিট।
এবারের মৌসুমে লা লিগার ৩৩তম শিরোপা ঘরে তুলেছে লস-ব্লাঙ্কোসরা। স্পেনের শীর্ষ লিগটিতে অজেয় থাকার রেকর্ড গড়েছে তারা, যা তারা আগে কখনোই পারেনি। সব প্রতিযোগিতা মিলে রিয়ালের শোকেসে এখন ৭০টি শিরোপা জ্বলজ্বল করছে। চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপ, লা লিগা, কোপা দেল রে, সুপার কোপা-সম্ভাব্য সবই জিতেছে স্প্যানিশ জায়ান্টরা। তাদের হাতে এবার ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাই দেখতে পাচ্ছেন ফুটবলপ্রেমীরা।
দর্শক-সমর্থকদের আগাম দেখাটাকে বাস্তবরূপ দেওয়ার জন্যই আজ রাতে লন্ডনের সেই বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে নামবে কার্লো আনচেলত্তির রিয়াল। তবে কাজটা সহজ হবে না। কেননা তুঙ্গস্পর্শী আত্মবিশ্বাসে জার্মান ক্লাবটি অনেকটা অপ্রতিরোধ্যই হয়ে উঠেছে। ইউরোপিয়ান প্রতিযোগিতায় সবশেষ ১১ ম্যাচের কেবল একটিতেই হেরেছে তারা। এই দলটি সেমিফাইনালে অবিশ্বাস্যভাবে গুঁড়িয়ে দিয়েছে পিএসজির স্বপ্ন। ১১ বছরের অপেক্ষা ঘুচিয়ে তৃতীয়বারের মতো তারা নাম তুলেছে ফাইনালে।
শুরু থেকেই একের পর এক কঠিন ধাপ পেরিয়ে আজ শিরোপার মঞ্চে ডর্টমুন্ড। গ্রুপ পর্বে তারা ছিল মৃত্যুকূপে। তাদের সঙ্গী ছিল পিএসজি, এসি মিলান আর নিউক্যাসল। এই দলগুলোকে পেছনে ফেলে গ্রুপসেরা হয় জার্মান ক্লাবটি। শেষ ষোলোয় ডাচ ক্লাব পিএসভিকে সহজে হারিয়ে ডর্টমুন্ড পড়ে অ্যাটলেটিকো মাদ্রিদের সামনে। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে তো ১-০ তাদের হারিয়েই দিয়েছিল অ্যাটলেটিকো। কিন্তু ফিরতি লেগে ভেলকি দেখায় ডর্টমুন্ড। নিজেদের মাঠ সিগন্যাল ইদুনা পার্কে দিয়েগো সিমিওনের অ্যাটলেটিকোকে ৪-২ ব্যবধানে হারায় ডর্টমুন্ড।
বুন্দেসলিগা আর জার্মান কাপে ভালো করতে না পারলেও চ্যাম্পিয়ন্স লিগে সানচো, হামেলসে, রেউসরা দারুণ পারফরম্যান্সই উপহার দিয়ে চলেছেন। ফাইনালেও ধারাটা অব্যাহত রাখতে চাইবেন তারা। ডর্টমুন্ড এবং তাদের জন্যও আজকের ফাইনাল বিশেষ কিছু। সবকিছুই বিস্ময়কর লাগছে তরুণ সানচোর কাছে, ‘সত্যি বলতে এটা অবিশ্বাস্য ঠেকছে। পুরো বিষয়টি এখনও হজম করতে পারছি না। পাগলাটে এক ব্যাপার। আমার তো মনে হয় না, কেউ এটা আশা করেছিল-আমি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলছি, বিশেষ করে যে অবস্থা থেকে আমি এসেছি। আমি অনেক খুশি।’
খুশি ডর্টমুন্ড কোচ এডিন তেরজিচ। ঘরোয়ায় ভরাডুবির ফাঁকে চ্যাম্পিয়ন্স লিগে দলের এমন দুর্বার যাত্রা তার কাছেও অবিশ্বাস্য ঠেকছে। রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়ালকে ফেবারিটই মানছেন তিনি। তবে ফাইনালে যেকোনো কিছুই ঘটতে পারে, কিছুটা হুমকির সুরেই কথাটা বলে রেখেছেন তেরজিচ, ‘সবকিছুই সম্ভব যদি কোনো দল সেভাবে নিজেদের মেলে ধরতে পারে। আমরাই সেই দল। সব ফাইনালের বস অপেক্ষা করছে। আট ফাইনালেই রিয়াল মাদ্রিদের জয়ের ধারায় ছেদ টানার সময় এসেছে।’
ফাইনালে বরাবরই ভাগ্যকে পাশে পায় রিয়াল। এর নেপথ্যে রেফারিদের কিঞ্চিৎ সুবিধা দেওয়ার বিষয়টি বারবার সামনে আসে। এই বিষয়টা অবশ্য মানতে নারাজ অ্যান্টনিও রুডিগার, ‘কেউ যদি ১৪ বার চ্যাম্পিয়ন হয়, তখন আপনি ভাগ্যের কথা বলতে পারেন না। রাস্তাঘাটে মানুষের মুখে এখন একটাই কথা ১৫তম শিরোপাটা হয়ে যাক। এটাই রিয়ালের ডিএনএ-জেতা, জিততে থাকা।’ আজ আরও একবার বিষয়টা প্রমাণ করতে চায় দলটি। কিন্তু ডর্টমুন্ড কি সেই সুযোগ দেবে?


মন্তব্য করুন