টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৫ উইকেটে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে দুই বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।
রোববার (২ জুন) সি-গ্রুপের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজকে ১৩৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে পাপুয়া নিউগিনি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান করে তারা।
তবে এ ম্যাচ জিততে রীতিমত ঘাম ঝরাতে হয়েছে ক্যারিবীয়দের। ১৬ ওভার শেষে ৯৭ রানে ৫ ব্যাটারকে হারিয়ে বিপদেই পড়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তখনও তাদের প্রয়োজন ৪ ওভারে ৪০ রান।
রোস্টন চেজ ও আন্দ্রে রাসেলের ঝড়ো ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ৫ উইকেট ও ছয় বল হাতে রেখেই জয় পায় ক্যারিবীয়রা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৪২ রানে অপরাজিত থাকেন রোস্টন চেজ। পাপুয়া নিউগিনির সবচেয়ে সফল বোলার ছিলেন অধিনায়ক আসাদ ভালা। ২৮ রানে ২ উইকেট নিয়েছেন তিনি।
এর আগে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে পাপুয়া নিউগিনি। দলের হয়ে চারে ব্যাট করা সেসে বাউ ৫০ রানের ইনিংস খেলেন। তার ৪৩ বলের ইনিংস ছয়টি চার ও এক ছক্কায় সাজানো ছিল।
ওপেনার ও অধিনায়ক আসাদ ভালা ২১ রানের ইনিংস খেলেন। সাতে ব্যাট করতে নেমে ১৮ বলে ২৭ রান করেন উইকেটরক্ষক কিপলিন দরিগা। তিনটি চার মারেন তিনি। চার্লস আমিনি ১২ ও চাঁদ সোপার ১০ রান যোগ করেন।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে আলজারি জোসেপ ৩৪ রানে ২টি এবং আন্দ্রে রাসেল ১৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন।


মন্তব্য করুন