টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়াকে হারিয়ে নিজেদের প্রথম জয় তুলে নিলো স্কটল্যান্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দলটির বিপক্ষে আগের চারবারের দেখায় তিনবারই হেরেছিল তারা।

ব্রিজটাউনের কেনিংসটন ওভালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নামিবিয়া। আগে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ১৫৫ রান করে দলটি। তাড়া করতে নেমে ৯ বল হাতে রেখে ৫ উইকেটে জয় নিশ্চিত করে স্কটল্যান্ড। জয়ের নায়ক রিচি বেরিংটন ও ম্যাচসেরা মাইকেল লিস্ক।

টস জিতে আগে ব্যাটিং করতে নেমে অধিনায়ক জেরহার্ড এরাসমাসের হাফ সেঞ্চুরির সঙ্গে নিকোলাস ডেভিনের ২০ ও জেন গ্রিনের ২৮ রানের ইনিংসে ৯ উইকেটে ১৫৫ রান তোলে নামিবিয়া। স্কটল্যান্ডের ব্র্যাড হুইল ৩টি এবং ব্র্যাড কারি ২টি উইকেট নেন। একটি করে উইকেট শিকার করেন ক্রিস সোল, ক্রিস গ্রিভস ও লিস্ক।

লক্ষ্য তাড়া করতে নেমে ১৫ বলে ৭ রান করে মানজে আউট হওয়ার পর মাইকেল জোন্স ২০ বলে ২৬ ও ব্রেন্ডন ম্যাকমুলেনে ১৭ বলে ১৯ রান করেন। চতুর্থ উইকেটে নেমে স্কটল্যান্ড অধিনায়ক বেরিংটন ম্যাচের নিয়ন্ত্রণ নেন। তাকে সঙ্গ দেন মাইকেল লিস্ক। ৪ ছক্কায় ১৭ বলে ৩৫ রানের ইনিংসে দলকে জয়ের কাছাকাছি নিয়ে লিস্ক আউট হলেও ক্রিজে টিকে থাকেন বেরিংটন। ৩৫ বলে ২ ছক্কা ও ২ চারের মারে ৪৭ রানের দায়িত্বশীল ইনিংস খেলেই দলকে ৫ উইকেটের জয় উপহার দেন।

এই জয়ের সুবাদে ইংল্যান্ডকে চোখ রাঙাচ্ছে স্কটল্যান্ড। দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে উঠলো স্কটল্যান্ড। তাতে সুপার এইটের যাত্রা কঠিন হয়ে দাঁড়ালো ইংল্যান্ডের জন্য।