ডেভিড মিলারের দায়িত্বশীল ব্যাটিংয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেলো দক্ষিণ আফ্রিকা। নেদারল্যান্ডসের মত দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে ১২০ বলে মাত্র ১০৪ রান তাড়া করতে নেমেই বিপাকে পড়ে যায় প্রোটিয়ারা ।
শনিবার (৮ জুন) নিউইয়র্কে আগে ব্যাট করতে নেমে প্রোটিয়া পেসারদের তোপের মুখে ২০ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে মাত্র ১০৩ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস। জবাবে মাত্র ১২ রানে ৪ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকা ডেভিড মিলারের ব্যাটে ভর করে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায়।
ডাচদের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ৪.৩ ওভারে মাত্র ১২ রান সংগ্রহ করতেই প্রথম সারির ৩ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় প্রোটিয়ারা।
দলকে সেই কঠিন পরিস্থিতি থেকে খেলায় ফেরান ডেভিড মিলার ও ট্রিস্টান স্টাবস। চতুর্থ উইকেটে তারা ৭২ বলে ৬৫ রানের জুটি গড়েন। তাদের এই জুটিতেই পরাজয়ের শঙ্কা এড়িয়ে জয়ের ভিত গড়ে তোলে দক্ষিণ আফ্রিকা।
১৬.২ ওভারে দলীয় ৭৭ রান ফেরেন ট্রিস্টান স্টাবস। তার আগে ৩৭ বলে এক চার আর এক ছক্কায় করেন ৩৩ রান।
এরপর লেজের ব্যাটসম্যানদের নিয়ে একাই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ডেভিড মিলার। তার দায়িত্বশীল ব্যাটিংয়েই পরাজয়ের শঙ্কা এগিয়ে ৪ উইকেট হাতে রেখে ৭ বল আগে জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা।
দলকে জয় উপহার দিতে ৫১ বলে তিন চার আর ৪টি ছক্কার সাহায্যে ৫৯ রানের অনবদ্য ইনিংস খেলেন ডেভিড মিলার। বিশ্বকাপের চলতি আসরে প্রোটিয়াদের এটা দ্বিতীয় জয়। এর আগে প্রথম ম্যাচে শ্রীলংকাকে ৭৭ রানে গুঁড়িয়ে দিয়ে জয়ে বিশ্বকাপ মিশন শুরু করে প্রোটিয়ারা।


মন্তব্য করুন