অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের দেখা পেল পাকিস্তান। কানাডাকে ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান। টানা দুই হারে বাদ পড়ার শঙ্কায় থাকা এই জয়ে বাঁচিয়ে রাখল সুপার এইটের আশা।
মঙ্গলবার (১১ জুন) নাসাউয়ের কাউন্টি স্টেডিয়ামে কানাডার বিপক্ষে মাঠে নামে পাকিস্তান। প্রথম ২ ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচে কানাডাকে উইকেটে হারিয়েছে বাবর আজমের দল। কানাডার দেয়া ১০৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫ বল হাতে রেখে জয় নিশ্চিত করেছে পাকিস্তান।
পাকিস্তান টস জিতে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় কানাডাকে। ভালো শুরুর ইঙ্গিত দিয়ে কানাডা প্রথম উইকেট হারায় দলীয় ২০ রানে। এরপর অ্যারন জনসন এক প্রান্ত আগলে রাখলেও অপর প্রান্তে চলতে থাকে পেসারদের দাপট।
জন্সন ১৪তম ওভারে বিদায় নেওয়ার আগে ৪৪ বলে করেন ৫২ রান, হাঁকান চারটি করে চার-ছক্কা। অধিনায়ক সাদ বিন জাফর ২১ বলে ১০ রান করেন। শেষদিকে কলিম সানা ও ডিলন গেয়লিগার দলকে তিন অঙ্কে নিয়ে যান।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৬ রান দাঁড়ায় কানাডার সংগ্রহ। কলিম ১৪ বলে ১৩ ও ডিলন ১১ বলে ৯ রান করে অপরাজিত থাকেন। পাকিস্তানের পক্ষে মোহাম্মদ আমির ও হারিস রউফ দুটি করে এবং শাহীন শাহ আফ্রিদি ও নাসিম শাহ একটি করে উইকেট শিকার করেন। ৪ ওভার বল করে আমির খরচ করেন মাত্র ১৩ রান।
জবাব দিতে নেমে শুরুতেই সাইম আইয়ুবকে হারিয়ে ফেলে পাকিস্তান। ১২ বলে মাত্র ৬ রান করা এই ব্যাটার বিদায় নিলে রিজওয়ানের সাথে দলের হাল ধরেন অধিনায়ক বাবর আজম। দুজনের ৬৩ রানের জুটি ভাঙে বাবর ৩৩ বলে ৩৩ রান করে বিদায় নিলে। এরপর উইকেটরক্ষক রিজওয়ান দেখেশুনে খেলে তুলে নেন অর্ধশতক। ৫৩ বলে ৫৩ রানে দুটি চার ও একটি ছক্কা হাঁকান তিনি। উসমান খান নিজের প্রথম বলেই ২ রান নিয়ে নিশ্চিত করেন।
কানাডার পক্ষে ডিলন দুটি ও জেরেমি গর্ডন একটি উইকেট শিকার করেন।


মন্তব্য করুন