রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের সব স্টেশন খুলে দেয়া হলেও বাকি ছিল কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন। এখন কেবল রাত পোহানোর অপেক্ষা। রোববার (৩১ ডিসেম্বর) সকাল থেকে এই দুই স্টেশনেও থামবে মেট্রোরেল, যা চলবে বর্তমান সময়সূচি অনুযায়ী।
এর মাধ্যমে ১৬টি স্টেশন সম্পূর্ণভাবে চালু হয়ে যাবে। শুধু বাকি থাকবে কমলাপুর স্টেশন, যা ২০২৫ সালে চালু হবে।
গারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচলের সময়সূচিতে কোনো পরিবর্তন হচ্ছে না। এ অংশে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মেট্রোরেল খোলা থাকবে।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক বলেছেন, পরবর্তীতে পর্যায়ক্রমে মেট্রোরেল চলাচলের সময়সূচি বাড়ানো হবে।
৩১ ডিসেম্বর থার্টি ফাস্ট নাইট ও ইংরেজি নতুন বছর উপলক্ষে মেট্রোরেলের রুট অ্যালাইনমেন্টের এক কিলোমিটারের মধ্যে ফানুস না ওড়াতে নগরবাসীর প্রতি অনুরোধ করেছেন তিনি। এজন্য ডিএমপি কমিশনারের কাছেও নিষেধাজ্ঞা দিতে চিঠি পাঠানো হয়েছে বলে জানান এম এ এন সিদ্দিক।
এদিকে, মেট্রোরেলের পথটির নাম এমআরটি লাইন-৬, যা ২০ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ। এ পথে স্টেশন মোট ১৭টি। এগুলো হলো- উত্তরা-উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সচিবালয়, মতিঝিল ও কমলাপুর।
বর্তমানে সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উত্তরা-মতিঝিল-উত্তরা রুটে মেট্রোরেল চলাচল করছে। এই রুটে রাত পর্যন্ত মেট্রোরেল চলতে পারে ৬ জানুয়ারি থেকে। আর উত্তরা-আগারগাঁও-উত্তরা রুটে চলাচল করছে সকাল সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত।
২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা-উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত অংশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ধাপে ধাপে বাকি স্টেশনগুলো খুলে দেয়া হয়।



মন্তব্য করুন