বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে ২৫ রানে হারিয়ে সুপার এইটের দৌড়ে টিকে রইল বাংলাদেশ। এই জয়ের সুপার এইটে এক পা দিয়ে রাখল টাইগাররা। নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে পা না ফসকালেই সেরা আটে জায়গা করে নেবে নাজমুল হোসেন শান্তর দল।
বৃহস্পতিবার (১৩ জুন) ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টের আর্নস ভ্যালে ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান নেদারল্যান্ডস অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস।
আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারালেও ব্যাকফুটে থাকা সাকিবের ফিফটিতে নিদিষ্ট ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৬৪ রান করেছেন সাকিব। তাছাড়া ৩৫ রান এসেছে তানজিদ তামিমের ব্যাট থেকে। ১৬০ রানের লক্ষ্যে খেলতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে ডাচরা।
টস হেরে ব্যাটিংয়ে নামা টাইগারদের হয়ে তানজিদ তামিমের সঙ্গে ইনিংস উদ্বোধনে নামেন নাজমুল হোসেন শান্ত। ইনিংসের দ্বিতীয় বলেই আরিয়ান দত্তের বলে ১ রান করে আউট হন শান্ত। তিনে নেমে সুবিধা করতে পারেননি লিটন দাস। সিব্র্যান্ড এঙ্গেলব্রেখটের অবিশ্বাস্য ক্যাচে পরিণত হয়ে তিনিও ১ রান করে আউট হন। শুরুতেই দুই উইকেট হারিয়ে বাংলাদেশ কিছুটা চাপে পড়লেও সেটা দূর করেন তামিম ও সাকিব।
এ দুজনের ৪৮ রানের জুটিতে ম্যাচে ফেরে টাইগাররা। মাঝে ৩৫ রানে তামিম ফিরলে এ জুটি ভাঙে। তাওহীদ হৃদয় আজ ব্যাট হাতে ব্যর্থ ছিলেন। তিনি ৯ রানে বোল্ড হন। এরপর মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে এগোতে থাকেন সাকিব। একই সঙ্গে নিজের অর্ধশতকও তুলে নেন টাইগার অলরাউন্ডার। দীর্ঘ ২ বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। মাহমুদউল্লাহ-সাকিবের দৃড়তায় ৪১ রানের জুটি গড়েন। কিন্তু উইকেটে থিতু হয়ে ইনিংস বড় করতে ব্যর্থ হন রিয়াদ। দলীয় ১৩০ রানে ২১ বলে ২৫ করে আউট হন রিয়াদ। শেষ দিকে জাকের আলীর অপরাজিত ১৪ রানের ক্যামিও ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
নেদারল্যান্ডসের হয়ে বল হাতে সর্বোচ্চ দুই উইকেট নেন আরিয়ান দত্ত ও পল ফন মিকিরেন।


মন্তব্য করুন