টানা তিন জয়ে সুপার এইট নিশ্চিত করলো আফগানিস্তান। রশিদ খানদের জয়ে কপাল পুড়ল কিউইদের। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হল গতবারের সেমিফাইনালিস্টদের। একই গ্রুপ থেকে আগে থেকেই সুপার এইটে চলে গেছে ওয়েস্ট ইন্ডিজ, বিদায় নিশ্চিত হয়েছে নিউজিল্যান্ডের।

গতকাল (বৃহস্পতিবার) ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর থেকেই বিদায়ের শঙ্কায় ছিল কিউইরা। আজ পাপুয়া নিউগিনির বিপক্ষে আফগানিস্তান পয়েন্ট হারালেই কেবল সুপার এইটের সম্ভাবনা টিকে থাকত। কিন্তু ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে পাপুয়া নিউগিনিকে কোনো সুযোগই দেয়নি রশিদ খানের দল।

শুক্রবার (১৪ জুন) পাপুয়া নিউগিনির বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। নবীন-ফারুকির বোলিং তোপে মাত্র ৯৫ রানেই গুটিয়ে যায় পাপুয়া নিউগিনি। মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে তেমন বেগ পেতে হয়নি গুরবাজ-নাইবদের। ৭ উইকেট ও ২৯ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান।

টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ৯৫ রানে অলআউট হয়ে যায় পিএনজি। পাপুয়া নিউগিনির হয়ে সর্বোচ্চ রান এসেছে কিপলিন ডোরিগার ব্যাট থেকে। দুই চারে ৩২ বলে ২৭ রান করেন তিনি। আফগানিস্তানের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন ফজলহক ফারুকি। ৪ ওভারে ১৬ রানে ৩ উইকেট পেয়েছেন এই পেসার। ম্যাচসেরাও হয়েছেন তিনি।

আফগানিদের হয়ে ৪ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট নেন ফারুকী। নাভিন উল হক দুই ও নূর আহমেদ পেয়েছেন এক উইকেট। আর পিএনজির চার ব্যাটসম্যান হয়েছেন রান আউট।

মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে অবশ্য দুই উইকেট হারিয়ে বসে আফগানিস্তান। ইনিংসের দ্বিতীয় ওভারেই কামেয়ার বলে বোল্ড হন ইব্রাহিম জাদরান। রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন তিনি। ইনিংসের তৃতীয় ওভারে আরেক ওপেনার গুরবাজকেও হারায় আফগানিস্তান। তিনিও বোল্ড হন আলেই নাও-র বলে।

মাঝে ওমারজাই ১৩ রান করে ফিরলেও গুলবাদিন নায়েব এবং মোহাম্মদ নবী দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন। নায়েব ৩৬ বলে ৪৯ রানের অপরজিত ইনিংস খেলেন। নবী অপরাজিত থাকেন ২৩ বলে ১৬ রানে।