পাকিস্তানের সুপার এইটের আশায় স্বপ্নভঙ্গ হলো। তাদের ভাগ্যটা ঝুলেছিল ফ্লোরিডার লওডারহিলে যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ডের ম্যাচে। আইরিশরা এই ম্যাচে জিতলে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার আশাটা আরেকটু উজ্জ্বল হতো পাকিস্তানের।
কঠিন সমীকরণটা একেবারে সহজ করে দিল বৃষ্টি। একটি বলও না হয়ে অনেক অপেক্ষা ও মাঠ পরিদর্শনের পর যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
বৃষ্টিতে লাভ হয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্রের। চার ম্যাচে ২ জয়, ১ ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে সুপার এইটে ভারতের সঙ্গী হলো যুক্তরাষ্ট্র। প্রথম ম্যাচেই পাকিস্তানকে সুপার ওভারে হারিয়ে চমক দেখিয়েছিল তারা। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেকেই সুপার এইটে উঠে আরেক চমক উপহার দিল মার্কিনরা। বেসবল-বাস্কেটবলের দেশটি প্রথমবার খেলবে আইসিসির কোনো বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে।


মন্তব্য করুন