কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কাজী নজরুল ইসলাম হলের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া নজরুল হলের আবাসি শিক্ষার্থী আব্দুল কাইয়ূমের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ আগস্ট) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হলে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট ও ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন সহ হলের হাউজ টিউটর, ডেপুটি রেজিস্ট্রার ও হলের আবাসিক শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা শহীদ আব্দুল কাইয়ূমের সাথে কাটানো সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্লুত হয়ে পড়েন।

ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের হলের আবাসিক শিক্ষার্থী এমরান হোসেন বলেন, ‘কাইয়ূম ভাই আমার পাশের রুমেই থাকতেন। তার সাথে যখন দেখা হতো তখন তিনি সবাইকে আপনি করে সম্বোধন করতেন। তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন এবং সবাইকে নামাজ পড়ার জন্য আহবান করতেন। তিনি বেশিরভাগ সময় নিজের বাসায় থাকতেন এবং পরিবারের সাথে সময় কাটাতে পছন্দ করতেন। আমরা চাই পরবর্তীতে যেই প্রশাসন আসুক এই দিনটি যাতে পালন করা হয়।’

কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট মো. হারুন বলেন, ‘যখন সোশ্যাল মিডিয়ায় তার (আব্দুল কাইয়ূম) ছবি দেখতে পাই তখন মনে হয়েছিল ছেলেটি অসম্ভব ভালো ছেলে। পরবর্তীতে বিভিন্ন আলোচনা অনুষ্ঠানে মাধ্যমে তার সম্পর্কে জানতে পারি যে আমার ধারনা ঠিক ছিল। আজকে যখন তার বাবার সাথে দেখা হয় তখন একজন পিতা হিসেবে তাকে স্বান্তনা দিতে পারিনি। জানিনা তিনি কিভাবে সহ্য করছে একজন সন্তান হারানোর কষ্ট। আমরাও কারো না কারো সন্তান, তাই কোনো কিছু করার আগে আমাদের চিন্তা করা উচিত আমাদের পিতা-মাতার কথা। আমরা এখানে একটি পরিবার হিসেবে আছি তাই সবাই সবার বিপদে এগিয়ে যাবো ও সহোযোগিতার হাত বাড়িয়ে দিবো।’

প্রসঙ্গত, গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে ৬ আগস্ট সাভার এনাম মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় শহীদ হন আব্দুল কাইয়ূম। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০১৮-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।