মাদারীপুর শহরের উকিলপাড়া এলাকায় এক নারী সঙ্গীতশিল্পীর বাসায় সংঘটিত ভয়াবহ চুরির ঘটনায় একজন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। গ্রেফতারের সময় তার কাছ থেকে চুরি হওয়া ১৫ ভরি ৭ আনা ১ রতি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে সংস্থাটি।

র‌্যাব-১০ জানায়, ২০ সেপ্টেম্বর ভোর রাতে মাদারীপুর শহরের উকিলপাড়া এলাকার বাসিন্দা নারী সঙ্গীতশিল্পী সীমা সাহার ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটে। ঘটনার দিন সীমা সাহা ও তার পরিবারের কেউ বাসায় না থাকায় চোরচক্র ২য় তলার বেলকুনির গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা আলমারি ও ড্রয়ার ভেঙে নগদ ১০ হাজার টাকা এবং প্রায় ১২ ভরি ১ আনা ওজনের স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।

ঘটনার পর সীমা সাহা ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। এ ঘটনায় মাদারীপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হলে, র‌্যাব-১০ চাঞ্চল্যকর এই চুরির তদন্তে নামে।

পরে র‌্যাব-১০-এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও তথ্য প্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালায়। তদন্তের ধারাবাহিকতায় আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২টা ৩৫ মিনিটে ফরিদপুর জেলার কোতোয়ালী থানাধীন রথখোলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মামলার মূল অভিযুক্ত মো: আজাদ রহমান কে গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতারকৃত আজাদ রহমান মাদারীপুর সদর থানার দরগা শরীফ এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চুরির ঘটনার সঙ্গে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব-১০। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলেন, “র‌্যাব সর্বদা সাধারণ জনগণের জানমাল রক্ষায় বদ্ধপরিকর। যেকোনো অপরাধ দমনে র‌্যাব কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”