জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তকে গ্রেফতারে প্রশাসনের দেওয়া ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ হওয়ার পর নতুন করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার অভিযোগ তুলে তারা প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমসহ পুরো প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবি করেছেন।

শুক্রবার (১৫ মে) দিবাগত রাত প্রায় ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রী হল থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিভিন্ন হল প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেয়। সেখানে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন এবং ধর্ষণচেষ্টার ঘটনায় দ্রুত আসামি গ্রেফতারের দাবি জানান।

বিক্ষোভরত শিক্ষার্থীরা বলেন, প্রশাসন ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাস দিলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। এতে শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তাহীনতা আরও বেড়েছে বলে দাবি করেন তারা। একই সঙ্গে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ ও নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা।

অবস্থান কর্মসূচির একপর্যায়ে উপাচার্যের সঙ্গে শিক্ষার্থীদের কয়েক দফা বাকবিতণ্ডা হয়। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রক্টরের পদত্যাগের দাবি জানান।

পরে শনিবার সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা প্রক্টরের অফিসে তালা ঝুলিয়ে দেন এবং তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।