জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি (জেইউআরএস) সফলভাবে তাদের ফ্ল্যাগশিপ দুই মাসব্যাপী কর্মসূচি “ট্রেনিং অন রিসার্চ মেথডোলজি”-এর প্রথম সেশন উদ্বোধন করেছে।

“রিসার্চ মেথডোলজির পরিচিতি, একাডেমিক রাইটিং ও রিসার্চ পেপারের কাঠামো” শীর্ষক এই সেশনটি ১৬ই মে (শনিবার) বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত হয়। সেশনটি পরিচালনা করেন ড. খন্দকার হাসান মাহমুদ। অনুষ্ঠানে ১৭০-এরও বেশি শিক্ষার্থী ও সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

সেশনে অংশগ্রহণকারীরা গবেষণার মৌলিক ও গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন। আলোচনায় উঠে আসে গবেষণার জন্য উপযুক্ত বিষয় নির্বাচন, কার্যকর শিরোনাম নির্ধারণ, গবেষণার উদ্দেশ্য ও লক্ষ্য স্থির করা, অ্যাবস্ট্রাক্ট লেখা এবং একটি পূর্ণাঙ্গ গবেষণা প্রবন্ধের কাঠামো তৈরির বিভিন্ন দিক। পাশাপাশি সেশনের শেষে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন জিজ্ঞাসার উত্তর পাওয়ার সুযোগ পান।

এই কর্মসূচির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তৈমুর খান তূর্য এবং সহ-আহ্বায়ক হিসেবে রয়েছেন সামিয়া এনাম।

সেশনে ড. খন্দকার গবেষণায় সততা, নৈতিকতা ও দায়িত্ববোধের গুরুত্বের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের অনুসন্ধিৎসু মনোভাব নিয়ে জ্ঞান অর্জনের আহ্বান জানান।

এদিকে, জেইউআরএসের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আল আমিন দেওয়ান বিজয় তার বক্তব্যে স্নাতক পর্যায়ে গবেষণার গুরুত্ব তুলে ধরে বলেন, এ ধরনের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ কর্মসূচি শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সমাপনী বক্তব্যে জেইউআরএসের বর্তমান সভাপতি এমডি আবু রুম্মান উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের নিয়মিতভাবে সকল ক্লাসে অংশগ্রহণের আহ্বান জানান এবং উল্লেখ করেন, কোর্স সফলভাবে সম্পন্নকারীরা ভবিষ্যতে জেইউআরএসের বিভিন্ন গবেষণা প্রকল্পে কাজ করার সুযোগ পাবেন।

জেইউআরএসের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনটি শুধু একটি শিক্ষার্থী সংগঠন নয়; বরং এটি গবেষণা, জ্ঞান বিনিময়, তরুণদের অনুপ্রেরণা ও ক্ষমতায়নের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে।