ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্যতম কবি নজরুল ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে রাষ্ট্রবিজ্ঞান স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ‘রাষ্ট্রবিজ্ঞান ফুটবল টুর্নামেন্ট -২০২৬’। রবিবার (১৭ মে) কবি নজরুল কলেজ কেন্দ্রীয় মাঠে এ টুর্নামেন্টের আয়েজন করা হয়। মাঠ কাঁপানো পারফর্ম্যান্স প্রদর্শন করে প্রতিপক্ষকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে “দ্যা পলিটিক্যাল হিটার্স” (২৪-২৫)।
’রাষ্ট্রবিজ্ঞান ফুটবল টুর্নামেন্ট -২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শিরিন সুলতানা সহ বিভাগের সকল শিক্ষকবৃন্দ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সবুজ আহমেদ মাল, সাধারণ সম্পাদক নাঈম সরকার সহ অ্যাসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক শিরিন সুলতানা বলেন, “আমি সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার অত্যন্ত প্রয়োজন আছে। তোমরা সবাই একই বিভাগের, তাই মাঠে অত্যন্ত মার্জিতভাবে খেলবে। খেলাধুলার মূল উদ্দেশ্যই হলো পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি করা। এখানে কেউ কাউকে কষ্ট দেবে না, একে অপরের প্রতি সম্মান প্রদর্শন করবে। খেলায় হার-জিত থাকবেই, তবে সবাই যেন সুন্দর ও উপভোগ্য ফুটবল উপহার দাও, সেই প্রত্যাশা করি।”
অ্যাসোসিয়েসনের সভাপতি সবুজ আহমেদ মাল তাঁর বক্তব্যে বলেন, “আমরা সবাই একই বিভাগের ভাই-ভাই। মাঠে আমাদের আচরণ যেন অত্যন্ত মার্জিত ও শৃঙ্খলিত হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের এমন কোনো আচরণ করা যাবে না যাতে অন্য বিভাগের সম্মুখে আমাদের বিভাগকে ছোট হতে হয়।”
এরপর শুরু হয় মাঠের মূল লড়াই। ম্যাচের শুরু থেকেই ২৪-২৫ সেশনের “দ্যা পলিটিক্যাল হিটার্স” এবং প্রতিপক্ষ ২৩-২৪ সেশনের খেলোয়াড়রা আক্রমণাত্মক খেলা প্রদর্শন করতে থাকেন। প্রথমার্ধের শুরুতেই দারুণ গতির আক্রমণে একে অপরকে কোণঠাসা করার চেষ্টা করে দুই দলই। টানটান উত্তেজনার মধ্য দিয়ে প্রথমার্ধে ১-১ গোলে সমতা নিয়ে বিরতিতে যায় উভয় দল।
তবে দ্বিতীয়ার্ধে খেলার চিত্র পুরোপুরি বদলে যায়। ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিতে প্রতিপক্ষ দলকে নাস্তানাবুদ করে ছাড়ে “দ্যা পলিটিক্যাল হিটার্স”। একের পর এক সুপরিকল্পিত আক্রমণ চালিয়ে তারা দ্বিতীয়ার্ধে আরও ২টি গোল করে। শেষ পর্যন্ত ৩-১ গোলের দাপুটে জয় ছিনিয়ে নিয়ে মাঠ ছাড়ে ২৪-২৫ সেশনের এই বিজয়ী দলটি।



মন্তব্য করুন