জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে ৭ম সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করার আগ্রহ প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। বিশ্ববিদ্যালয়ের ৪৩তম বার্ষিক সিনেট অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এই কথা জানান।
শনিবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত এই অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিনেটের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান উদ্বোধনী ভাষণ দেন।
ভাষণে উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি। শিক্ষার্থীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ও অ্যাকাডেমিক ধারাবাহিকতা বজায় রাখতে আমরা আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারিতে মাসে ৭ম সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করতে আগ্রহী। এই বৃহৎ আয়োজনটি সফল করতে আমি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।”
৪৩তম এই সিনেট অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব সহ সিনেট সদস্য ও ছাত্র প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বাজেট পেশের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
উল্লেখ্য, আজকের এই গুরুত্বপূর্ণ ৪৩তম বার্ষিক সিনেট সভায় বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ অর্থবছরের মূল বাজেট এবং ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেট পাস করা হবে। যার পরিমাণ যথাক্রমে ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা ও ৩৪৮ কোটি ২৫ লাখ টাকা।



মন্তব্য করুন