ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসের রাষ্ট্রবিজ্ঞান অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২০২৬- এর ফাইনাল ম্যাচটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। টানটান উত্তেজনাকর ফাইনালে ‘দ্যা পলিটিকাল হিটার্স’ (২৪-২৫ সেশন)-কে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ২০-২১ সেশন।
‎
‎সোমবার(২৯ জুন) কবি নজরুল ক্যাম্পাস মাঠে এ টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত হয়।
‎
‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শিরিন শারমিন। এসময় খেলোয়াড়দের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি বলেন, “পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও তোমাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা সবাই ভাই ভাই, তাই খেলার মাঠে সৌহার্দ্য বজায় রাখবে এবং কেউ কাউকে আঘাত করবে না। আশা করি, সবাই যার যার সেরাটা দিয়ে খেলবে।”
‎
‎খেলার প্রথমার্ধে দুই দলই আক্রমণ-প্রতিআক্রমণ চালালেও কোনো পক্ষই গোলের দেখা পায়নি। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর, দ্বিতীয়ার্ধের তথা খেলার শেষ প্রান্তে এসে দারুণ খেলা দেখায় ২০-২১ সেশন। শেষ মুহূর্তের চমৎকার দুটি গোলের মাধ্যমে তারা ২-০ ব্যবধানে জয় সুনিশ্চিত করে।
‎
‎খেলা শেষে উৎসবমূখর পরিবেশে মধ্য দিয়ে বিজয়ী ও রানার্স-আপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ, রাষ্ট্রবিজ্ঞান অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ইরফান আহমেদ ফাহিম এবং অ্যাসোসিয়েশনের সভাপতি সবুজ আহমেদ মাল।
‎
‎টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যাচ ও টুর্নামেন্ট সেরাদের পুরস্কৃত করা হয়। এতে ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন নাইম সরকার, ফাইনালে দুর্দান্ত খেলার জন্য ‘ম্যান অব দ্য ম্যাচ’ হন জাহিদ এবং সেরা গোলকিপারের পুরস্কার (ম্যান অব দ্য গোলকিপার) লাভ করেন মোস্তফা কামাল।