https://daynightbd.com


একাডেমিক কাউন্সিলে শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত গ্রহণ এবং ১৩ দফা দাবি বাস্তবায়নে অবস্থান কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।
বুধবার (২৯ জুলাই) বিকালে বিশ্ববিদ্যালয়ের পুরোনো রেজিস্ট্রার ভবনের সামনে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনটির নেতাকর্মীরা দ্রুত দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান।
জাকসুর ১৩ দফা দাবির মধ্যে রয়েছে—মাস্টার্স পর্যায়ের থিসিস শিক্ষার্থীদের জন্য গবেষণা বৃত্তি চালু, আন্তর্জাতিক জার্নাল ও অনলাইন প্ল্যাটফর্মে প্রাতিষ্ঠানিক প্রবেশাধিকার নিশ্চিত করা, সেশনজট নিরসনে কার্যকর একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন, দ্রুত ফলাফল প্রকাশ, প্রাতিষ্ঠানিক ই-মেইলের মেয়াদ বৃদ্ধি, শিক্ষার্থীদের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজের সুযোগ সৃষ্টি, ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রে যন্ত্রপাতিভিত্তিক সার্টিফিকেট কোর্স চালু, শিক্ষক ও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে জনবল সংকট নিরসন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শ্রুতিলেখক অনুমোদন সহজ করা, মানোন্নয়ন পরীক্ষায় জিপিএ ৩.২৫ পর্যন্ত অংশগ্রহণের সুযোগ, চূড়ান্ত পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের ব্যবস্থা, বিশেষ পরিস্থিতিতে বিশেষ পরীক্ষার সুযোগ, শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু এবং চূড়ান্ত পরীক্ষার সময় দুপুর ১২টার পরিবর্তে সকাল ১০টায় নির্ধারণ।
অবস্থান কর্মসূচিতে জাকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু উবায়দা উসামা বলেন, “দীর্ঘ আট মাস পর একাডেমিক কাউন্সিল অনুষ্ঠিত হলেও শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো এখনো বাস্তবায়িত হয়নি। বারবার নানা প্রক্রিয়ার মধ্যে পড়ে দাবিগুলো আটকে যাচ্ছে। তাই দ্রুত বাস্তবায়নের দাবিতেই আজকের এই কর্মসূচি।”
তিনি আরো বলেন, “বিশ্ববিদ্যালয়ে কার্যকর একাডেমিক ক্যালেন্ডার না থাকায় ৭৫ দিনের মধ্যে ফল প্রকাশের নিয়ম থাকলেও বাস্তবে ছয় থেকে ১০ মাস সময় লাগছে। এক সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে পরবর্তী সেমিস্টার শুরু হলেও আগের ফলাফল প্রকাশ হয় না। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগের কোনো প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেই। এটি চালু হলে গবেষণার মান বাড়বে এবং আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নত হবে।”
জাকসুর সহ-সাংস্কৃতিক সম্পাদক রায়হান উদ্দীন বলেন, “একাডেমিক সংস্কার শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি। আমরা একাডেমিক কাউন্সিলের সদস্যদের কাছে দাবিগুলো তুলে দিয়েছি। শিক্ষার্থীদের স্বার্থে এসব দাবি বাস্তবায়নের মাধ্যমে একটি আধুনিক ও শিক্ষার্থীবান্ধব একাডেমিক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।”
কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, শিক্ষার্থীদের একাডেমিক ও গবেষণাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ১৩ দফা দাবির দ্রুত বাস্তবায়ন প্রয়োজন। এসব দাবি বাস্তবায়িত হলে শিক্ষা ও গবেষণার মানোন্নয়নের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম আরো গতিশীল হবে বলেও তারা আশা প্রকাশ করেন।


