ঝালকাঠির রাজাপুরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রা (থ্রি-হুইলার) মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল ছেড়ে চলে যায় এবং মাহিন্দ্রার চালকও পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে রাজাপুর-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের বড় কৈবর্তখালী সমবায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাথরঘাটা থেকে ঢাকাগামী বরিশাল এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ভান্ডারিয়াগামী একটি মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয় এবং অন্তত চারজন আহত হন।

খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন। পরে আহতদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নিহতরা হলেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর এলাকার মো. বেল্লাল সরদারের ছেলে মেহেদী (২৪) এবং ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার কচুয়া এলাকার বাসিন্দা ও চরমোনাই কোরআন শিক্ষা বোর্ডের ইংলিশ শিক্ষক এবিএম আব্দুর রহিম।

আহতদের মধ্যে রয়েছেন রাজাপুর উপজেলার তারাবুনিয়া এলাকার রিমন চন্দ্র বেপারী (৩৫), ভান্ডারিয়া উপজেলার আবির রহমান (৩১) ও নজরুল ইসলাম (৫৫)। আহত অপর একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং পালিয়ে যাওয়া বাসটি শনাক্তে কাজ চলছে।