ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে ঝালকাঠিতে সচেতনতামূলক ক্যাম্পেইন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস)। জেলা তথ্য অফিস, ঝালকাঠির সহযোগিতায় “ডেঙ্গু প্রতিরোধে যুব কার্যক্রম”-এর অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির আওতায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। একই সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
এর অংশ হিসেবে ঝালকাঠির মসজিদ বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের অংশগ্রহণে ডেঙ্গুবিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সেখানে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি অপসারণ, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়।
ইয়াসের সভাপতি মো. আবির হোসেন রানার নেতৃত্বে কর্মসূচিতে সংগঠনের সাংগঠনিক সম্পাদক রাহাত মাঝি, দপ্তর সম্পাদক সাহারিয়া পাপন, অর্থ সম্পাদক রোহান বিন নাসিরসহ অন্যান্য সদস্যরা অংশ নেন। তারা শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজেও অংশগ্রহণ করেন।
ইয়াসের সভাপতি মো. আবির হোসেন রানা বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। যুবসমাজ পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতা বৃদ্ধিতে এগিয়ে এলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।”
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে নিজেদের বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার অঙ্গীকার করেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গুমুক্ত ও স্বাস্থ্যকর সমাজ গড়ে তুলতে ভবিষ্যতেও জেলা প্রশাসন, জেলা তথ্য অফিস এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সহযোগিতায় এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে।



মন্তব্য করুন