গ্যাস সংকট, ঘন ঘন লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ভুতুড়ে বিল প্রত্যাহার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণসহ ১১ দফা দাবিতে ঝালকাঠিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন ১১ দলীয় ঐক্যজোটের নেতারা।

বৃহস্পতিবার (৬ আগষ্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি জমা দেওয়া হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে তা প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর অনুরোধ জানান জোটের নেতারা।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাই, সদর উপজেলা আমির মাওলানা মনিরুজ্জামান তালুকদার, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম বাবুসহ ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে গ্যাস সংকট, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ভুতুড়ে বিল এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। এসব সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। তাদের উত্থাপিত ১১ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

স্মারকলিপি প্রদান শেষে নেতারা আশা প্রকাশ করেন, সরকার জনদুর্ভোগ লাঘবে তাদের দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনা করবে।