প্রযুক্তির শুধু ব্যবহারকারী নয়, তরুণদের প্রযুক্তির উদ্ভাবক হিসেবে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি। তিনি বলেছেন, দেশের প্রয়োজন এমন তরুণ, যারা চাকরির পেছনে ছুটবে না; বরং প্রযুক্তিনির্ভর উদ্যোগ গড়ে তুলবে, নতুন বাণিজ্যিক পরিকল্পনা তৈরি করবে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সক্ষমতার পরিচয় তুলে ধরবে।

শনিবার (৮ আগস্ট) গাজীপুরের কালিয়াকৈর হাই-টেক পার্কে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশের (ইউএফটিবি) রোবটিক্স ক্লাব আয়োজিত জাতীয় রোবটিক্স উৎসব ‘রোবোফিউশন ১.০’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রযুক্তিনির্ভর শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও দক্ষতা উন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে। তরুণদের ছোট ছোট উদ্ভাবনকে সফল উদ্যোগে রূপ দিতে স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য সরকার ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা করেছে। এ তহবিলের মাধ্যমে সম্ভাবনাময় উদ্ভাবন ও উদ্যোগকে সফলভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে।
তিনি বলেন, তরুণদের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগাতে হলে তাদের শুধু চাকরিপ্রার্থী হিসেবে তৈরি করলে চলবে না। প্রযুক্তির মাধ্যমে নতুন পণ্য ও সেবা উদ্ভাবন, ব্যবসায়িক উদ্যোগ সৃষ্টি এবং বৈশ্বিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা অর্জনের সুযোগ তৈরি করতে হবে।
মন্ত্রী আরো বলেন, দেশের উন্নয়নের জন্য প্রযুক্তি ও উদ্ভাবনকে কেন্দ্র করে নতুন প্রজন্মকে প্রস্তুত করা জরুরি। শিক্ষাপ্রতিষ্ঠানে গবেষণা ও উদ্ভাবনের পরিবেশ তৈরি এবং তরুণদের উদ্যোগকে প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়া গেলে বাংলাদেশ প্রযুক্তিনির্ভর অর্থনীতিতে আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে। সকাল ১১টায় শুরু হওয়া দিনব্যাপী ‘রোবোফিউশন ১.০’ উৎসবে সারা দেশ থেকে সাড়ে পাঁচ শতাধিক শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবক অংশ নেন। এতে মোট ১৬৬টি নিবন্ধিত দল পাঁচটি ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশ নেয়। ক্যাটাগরিগুলো হলো লাইন ফলোইং রোবট, রোবো সকার, টেকাথন, প্রজেক্ট শোকেস ও বোট রেসিং। উৎসবে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের তৈরি রোবট ও প্রযুক্তিপ্রকল্প প্রদর্শন করেন। দিনব্যাপী এ আয়োজনে প্রতিযোগিতার পাশাপাশি তরুণদের প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক উদ্যোগে আগ্রহী করে তোলার নানা কার্যক্রমও অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএফটিবির উপাচার্য অধ্যাপক ড. মো. মুক্তার আলী। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, সংরক্ষিত নারী আসন-১৬-এর সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঁইয়া।
এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআইটির অধ্যাপক ও ইউএফটিবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ, গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া, এটিএল ইনোভেশন হাব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এইচকিউ) মোহাম্মদ ইউসুফ আলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।