চাঁদাবাজির কাজে ব্যবহারের অভিযোগে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করে গাজীপুরের শ্রীপুরে গাজীপুর সাফারি পার্কে নেওয়া হাতি ‘রাজু বাহাদুর’ শেষ পর্যন্ত বাঁচানো গেল না। গুরুতর আহত হয়ে প্রায় আড়াই মাস চিকিৎসাধীন থাকার পর গত ৭ আগস্ট সকালে হাতিশালায় তার মৃত্যু হয়। এর আগের দিন ৬ আগস্ট ব্যাকটেরিয়াজনিত সংক্রমণে মারা যায় পার্কের পূর্ণবয়স্ক আরেকটি হাতি। ফলে পরপর দুই দিনে সাফারি পার্কে দুটি হাতির মৃত্যু হলো।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজু বাহাদুরের মৃত্যুর পর দুটি হাতিরই দেহের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। পরে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পার্কের ভেতরেই হাতি দুটিকে মাটিচাপা দেওয়া হয়।
পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত ২৪ মে হাতিশালায় শিকলে বাঁধা অবস্থায় রাজু বাহাদুরের ওপর অন্য একটি হাতি হামলা করে। এতে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গুরুতর আহত হয় সে। পরে ক্রেনের সাহায্যে তাকে সরিয়ে বালুর ওপর রাখা হয়। পরীক্ষায় তার একটি পা ভাঙা এবং অন্য পায়েও গুরুতর আঘাতের বিষয়টি নিশ্চিত হন চিকিৎসকেরা। আহত হওয়ার পর থেকে সে আর দাঁড়াতে পারেনি।
রাজু বাহাদুরের শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় গত ৪ জুন থাইল্যান্ড থেকে বিশেষজ্ঞ বন্যপ্রাণী চিকিৎসকদের আনা হয়। দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একাধিক মেডিকেল বোর্ডের পরামর্শে তার চিকিৎসা চলছিল। শ্রীলঙ্কার বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গেও পরামর্শ করা হয়েছিল। শুয়ে থাকা অবস্থায় তাকে আখসহ বিভিন্ন খাবার দেওয়া এবং সার্বক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।
সাফারি পার্কের বন্যপ্রাণী চিকিৎসক হাতেম সাজ্জাদ মো. জুলকার নাইন জানিয়েছিলেন, পা ভেঙে যাওয়ায় রাজু বাহাদুর দাঁড়াতে পারছিল না। তার শারীরিক অবস্থা ভালো ছিল না এবং তাকে সার্বক্ষণিক চিকিৎসার মধ্যে রাখা হয়েছিল।
বন বিভাগের একটি সূত্র জানায়, ২০২৫ সালের জানুয়ারিতে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট নারায়ণগঞ্জ থেকে রাজু বাহাদুরকে উদ্ধার করে। মো. আতিকুর রহমান নামের এক ব্যক্তির মালিকানাধীন হাতিটিকে রাস্তাঘাট ও বিভিন্ন বাজারে মানুষের কাছ থেকে চাঁদা আদায়ের কাজে ব্যবহার করা হতো বলে অভিযোগ ছিল। উদ্ধারের সময় হাতিটির বয়স ছিল প্রায় ৯ বছর। পরে তাকে গাজীপুর সাফারি পার্কে নেওয়া হয়।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান বলেন, হাতিশালায় হাতিদের মধ্যে মাঝেমধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। অন্য একটি হাতির ধাক্কায় রাজু বাহাদুর মাটিতে পড়ে পায়ে গুরুতর আঘাত পেয়েছিল। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা করেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
তিনি আরও জানান, ৬ আগস্ট ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ থাকা অপর হাতিটির মৃত্যু হয়। বর্তমানে সাফারি পার্কে হাতির সংখ্যা ৮টি।



মন্তব্য করুন