ঝালকাঠির নলছিটিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরে ঝটিকা মিছিল করেছেন বলে জানা গেছে। বুধবার (১২ আগস্ট) বিকেলে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের কালিয়ার জোড় এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।
স্থানীয়দের ভাষ্য, মিছিলে মোট ছয়জন অংশ নেন। তাদের মধ্যে চারজন হেলমেট ও মাস্ক পরে ছিলেন। বাকি দুজনের মুখ খোলা ছিল। অল্প সময়ের এই মিছিলে নেতৃত্ব দেন নলছিটি পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আকাশ দাশ ও মো. শরিফুল ইসলাম শরিফ।
মিছিলটির একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগ ও ছাত্রলীগের কেন্দ্রীয় ভেরিফায়েড ফেসবুক পেজের পাশাপাশি মিছিলে অংশ নেওয়া মো. শরিফুল ইসলামের ব্যক্তিগত ফেসবুক আইডিতেও ভিডিওটি প্রকাশ করা হয়। সেখানে ভিডিওটিকে ‘নলছিটি পৌর ছাত্রলীগের বিক্ষোভ মিছিল’ হিসেবে উল্লেখ করা হয় এবং নেতৃত্বদানকারীদের নামও দেওয়া হয়।
এদিকে মিছিলের বিষয়ে নলছিটি থানা পুলিশ তদন্ত শুরু করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ বলেন, “নির্জন এলাকায় গোপনে ও চোরাগোপ্তা উপায়ে মিছিল করার একটি ভিডিও আমাদের নজরে এসেছে। প্রচারিত ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয় শনাক্তের কাজ চলছে।”
তিনি আরও বলেন, মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করা গেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।



মন্তব্য করুন