https://daynightbd.com


‘জুলাই গণঅভ্যুত্থান দিবস–২০২৬’ পালন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান এবং ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা উপলক্ষে পুরান ঢাকার ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টায় কলেজ মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব নুরুল হক । প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব ইশরাক হোসেন । বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব এম রশিদুজ্জামান মিল্লাত । অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ জনাব হাবিবুর রহমান।
আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের মহাসচিব জনাব আতাউল্লাহ, স্বেচ্ছাসেবক দল মহানগর দক্ষিণ-এর সভাপতি জনাব জহির উদ্দিন তুহিন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি জনাব নাজমুল হাসান, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব আমানুল্লাহ আমান, আমজনতা দলের সাধারণ সম্পাদক জনাব তারেক হাসান এবং গণঅধিকার পরিষদের মুখপাত্র জনাব আবু হানিফ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, কবি নজরুল কলেজ ক্যাম্পাসের সভাপতি নাহিদ হাসান। সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক সাদেক বাপ্পি।
আয়োজন প্রসঙ্গে নাহিদ হাসান বলেন,”জুলাই গণঅভ্যুত্থানে আমাদের কবি নজরুল সরকারি কলেজের ৪ জন শিক্ষার্থী শহীদ হয়েছেন এবং বহু শিক্ষার্থী আহত হয়েছেন। আহত যোদ্ধাদের যথাযথ সম্মানের সাথে শ্রদ্ধা জানানো এবং ৪ জন শহীদের আত্মার মাগফিরাত কামনার মধ্য দিয়ে এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটিকে এক উজ্জ্বল নক্ষত্রে পরিণত করার লক্ষ্যেই আমাদের এ আয়োজন। এই উদ্দেশ্যে আমরা চারজন মন্ত্রী-প্রতিমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলাম, যার মধ্যে ৩ জন প্রতিমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন। আমি কলেজের সর্বস্তরের শিক্ষার্থী ও সাধারণ জনগণকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার বিনীত আহ্বান জানাচ্ছি।”


