সিরাজগঞ্জ সদরের হাট বয়ড়া উচ্চ বিদ্যালয়ে কর্মচারী নিয়োগে ঘুষ নেয়ার অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শুক্রবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এলিজা সুলতানা এ তথ্য নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী বিদ্যালয়ের নৈশপ্রহরী পদে ৭ জন এবং আয়া পদে ৮ জন প্রার্থী আবেদন করেন। নিয়োগ পরীক্ষার আগেই নৈশপ্রহরী পদে মো. উজ্জল হোসেনের নিকট থেকে ১২ লাখ টাকা ও আয়া পদে সাথী খাতুন এর নিকট ১০ লাখ টাকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরিদুল ইসলামের মাধ্যমে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক নিয়েছেন বলে এলাকায় জানাজানি হয়। বিষয়টি নিয়ে ছয়জন আবেদনকারী জেলা শিক্ষা অফিস ও উপজেলা শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দেন গত বৃহস্পতিবার। কিন্তু ৩০ ডিসেম্বর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানায় বিদ্যালয় কর্তৃপক্ষ।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এক চাকরি প্রার্থী বলেন, কমিটির সভাপতি বকুল, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক ফরিদ টাকার বিনিময়ে দুইজনকে নিয়োগের প্রতিশ্রুতির বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক ইসমাইল হোসেন বলেন, অভিযোগ সত্য নয়।

উপজেলা শিক্ষা কর্মকর্তা এলিজা সুলতানা বলেন, বৃহস্পতিবার অভিযোগ পেয়েছি। আমরা নিয়োগ স্থগিত রাখতে বলেছি। রোববার এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এ ব্যাপারে সিরাজগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা কাজি সলিম উল্ল্যাহ বলেন, বৃহস্পতিবার শেষ সময়ে অভিযোগ পেয়েছি। কিন্তু আমলে নেয়ার সময় ছিল না। রোববার বিষয়টি দেখা হবে।