ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজনীন সুলতানা লাকী দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে তিনি এক কঠিন সময় পার করছেন। ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি ইতোমধ্যে চারটি কেমোথেরাপি সম্পন্ন করেছেন। চিকিৎসকদের মতে, তাকে সুস্থ করতে জরুরি ভিত্তিতে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট করানো প্রয়োজন, যা অতি দ্রত সময়ের মধ্যেই শুরু করা দরকার। তার চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে পরিবারকে চরম আর্থিক সংকটের সম্মুখীন হতে হয়েছে।

এই পরিস্থিতে মানবিক বিবেচনায় লাকীর চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আজ এক বিজ্ঞপ্তিতে শিক্ষক সমিতির পক্ষ থেকে তার চিকিৎসা ব্যয়ের জন্য ১,৫০,৫০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করার বিষয় টি নিশ্চিত করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. শফিকুল ইসলাম জানান, শিক্ষক সমিতি সর্বদা শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। শিক্ষার্থীদের শিক্ষাগত, নৈতিক ও মানসিক উন্নয়নের জন্য শিক্ষকসমাজের অবদান অনস্বীকার্য। তারা শুধু পাঠদানেই সীমাবদ্ধ নন, বরং শিক্ষার্থীদের সমস্যার সমাধান, সহানুভূতিশীল আচরণ এবং দায়িত্বশীল দিকনির্দেশনার মাধ্যমে একটি সুন্দর ও আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। শিক্ষক সমিতির এ ধরনের ইতিবাচক উদ্যোগ ও কর্মকাণ্ড শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশকে উন্নত করে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।