বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর উদ্যোগে পুলিশ পরিবারের ৩১ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। তাঁদের অসাধারণ শিক্ষাগত সাফল্যের জন্য এ সম্মাননা প্রদান করা হয়। গতকাল (মঙ্গলবার) রাতে রাজধানীর রমনাস্থ পুনাক কার্যালয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক সভানেত্রী আফরোজা হেলেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “তোমাদের আরও উদ্যমী হতে হবে এবং আগামী দিনের পথচলা আরও সুগম করতে হবে। আজকের এ সাফল্য কেবল শুরু, সামনে তোমাদের জন্য রয়েছে আরও বড় সুযোগ ও সম্ভাবনা।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পুনাক সহসভানেত্রী আইরিন রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদিকা তৌহিদা নূপুর। তাঁরা কৃতি শিক্ষার্থীদের প্রশংসা করে বলেন, পুনাক সবসময় প্রতিভাবান শিক্ষার্থীদের পাশে থাকবে এবং তাঁদের স্বপ্নপূরণের যাত্রায় সহযোগিতা করে যাবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুনাকের সমাজ কল্যাণ সম্পাদিকা শামীম আক্তার শারফুদ্দিন (শম্পা)।
এ সময় উপস্থিত কৃতি শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকগণ সংবর্ধনার এই মুহূর্তকে “আনন্দঘন ও অনুপ্রেরণাদায়ক” হিসেবে বর্ণনা করেন এবং পুনাককে আন্তরিক ধন্যবাদ জানান।
পুনাক পরিবারের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের জন্য আগামীর পথচলা আরও আলোকিত, গৌরবময় ও সফল হোক—এই শুভকামনা জানানো হয়।



মন্তব্য করুন