জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঘরে ফেরার যাত্রাকে সহজ ও স্বস্তিদায়ক করতে উদ্যোগ নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ও ভোগান্তির কথা বিবেচনায় নিয়ে ক্যাম্পাস থেকেই সরাসরি বিভিন্ন বিভাগীয় শহরের উদ্দেশ্যে বাস চলাচলের ব্যবস্থা করা হয়েছে।

এর অংশ হিসেবে বুধবার (১১ মার্চ) সকাল ৬ টায় বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বর থেকে বরিশাল বিভাগের উদ্দেশ্যে একটি বাস ছেড়ে যায়। ক্যাম্পাস থেকেই সরাসরি নিজ নিজ অঞ্চলের দিকে যাত্রার সুযোগ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় স্বস্তি ও আনন্দের উচ্ছ্বাস।

দীর্ঘদিন ধরে ঢাকায় গিয়ে বাস বা লঞ্চ ধরার ঝামেলা পোহাতে হতো শিক্ষার্থীদের। ফলে সময় নষ্ট হওয়ার পাশাপাশি অতিরিক্ত খরচ ও ভোগান্তির মুখে পড়তে হতো অনেককে। জাকসুর এই উদ্যোগে সেই দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

বাসে যাত্রা করা কয়েকজন শিক্ষার্থী জানান, ক্যাম্পাস থেকেই সরাসরি বাড়ির পথে যাত্রা করতে পারায় তারা খুবই স্বস্তি অনুভব করছেন। এতে সময় যেমন বাঁচছে, তেমনি যাত্রাও হয়েছে আরও নিরাপদ ও ঝামেলামুক্ত।

জাকসুর পরিবহন সম্পাদক তানভীর রহমান জানান “শিক্ষার্থীদের সুবিধা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের যাতায়াতসহ বিভিন্ন সমস্যার সমাধানে জাকসু কাজ করে যাবে”