পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কবি নজরুল সরকারি কলেজ ঈদের ছুটিতে যেন জনশূন্য ক্যাম্পাস। যে ক্যাম্পাস থাকে আড্ডায় মুখরিত, ঈদের ছুটিতে তা আজ নিস্তব্ধ। ঈদ উৎসবের মাঝেও শিক্ষার্থীদের মন সেই চায়ের আড্ডায়।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আরিয়ান আহমেদ বলেন, “আমি ক্যাম্পাসকে অনেক মিস করি। মিস করছি ছাত্র-শিক্ষকের সেই মধুর সম্পর্ককে। শিক্ষক ব্যতীত ছাত্রজীবন খুবই বিরক্তিকর। মিস করছি বন্ধুদের ছোট ছোট খুনসুটি, যা আজীবন স্মৃতির পাতায় লেখা থাকবে। এক কথায়, বন্ধুদের ছাড়া আমি ভালো নেই।”
একই বিভাগের শিক্ষার্থী শিবলু রিফাত বলেন, “ক্যাম্পাস ছাড়া কাটাচ্ছি এক বিরক্তিকর জীবন। বাসায় থাকলেও মন পড়ে আছে বন্ধুদের চায়ের আড্ডায়।”
মাহিয়া সারোয়ার বলেন, “ক্যাম্পাস বন্ধ থাকায় এখন অনেক অবসর সময় পাই, যে সময়টা পরিবারের সাথে আর কুরআন তিলাওয়াত করে কাটাই। এর পাশাপাশি অ্যাসাইনমেন্ট করি আর বাকি সময়টা ঘুমিয়েই কাটিয়ে দিই। পরিবারের সাথে থাকায় ক্যাম্পাস খুব বেশি মিস করি না, কিন্তু মিস করি দুষ্টু-মিষ্টি বন্ধুদের।”
আরিফা জাহান মীম বলেন, “ক্যাম্পাসকে মিস করি, কিন্তু তার চেয়ে বেশি মিস করি বন্ধুদের। মিস করি বন্ধুদের ভণ্ডামিগুলো আর ক্যাম্পাসের চায়ের আড্ডা।”
ক্যাম্পাস শুধু শিক্ষার্থীদের অপেক্ষায় নয়, শিক্ষার্থীরাও অপেক্ষায় আছে ক্যাম্পাসের। উৎসবের মাঝেও প্রিয় আড্ডা আর বন্ধুদের টানে ব্যাকুল শিক্ষার্থীরা।



মন্তব্য করুন