দীর্ঘ ছুটি কাটিয়ে নিস্তব্ধ ক্যাম্পাসে ফিরেছে প্রাণ। দীর্ঘদিন পরে ক্লাসরুমে ফিরেই এক মায়াবী দৃশ্যের মুখোমুখি হলেন কবি নজরুল সরকারি কলেজ এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অনুপস্থিতিতে জনমানবহীন ক্লাসরুমকে আপন করে নিয়েছে চড়ুই পাখি। ক্লাসরুমের ভেন্টিলেটরে খড়কুটো দিয়ে বুনেছে তাদের ছোট্ট সংসার।
‎
‎সরেজমিনে দেখা যায়, দীর্ঘ বন্ধে ক্যাম্পাস ছিল জনমানবহীন নিস্তব্ধ। এই সুযোগে চড়ুই পাখিরা নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ক্লাসরুমের ভেন্টিলেটর। ক্লাসরুম খোলার পরে এই মায়াবী দৃশ্য মুগ্ধ করেছে শিক্ষার্থীদের মন।
‎

‎রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সালমান ফারসি লিমন বলেন, “দীর্ঘ ছুটির পরে চড়ুই পাখির কিচিরমিচির স্বাগতম ছিল মনমুগ্ধকর। যেটা কখনো কল্পনাও করতে পারিনি। প্রকৃতি কখনো শূন্যস্থান রাখে না, কাউকে না কাউকে আপন করে নেয়।”
‎
‎একই বিভাগের আরিফা জাহান মিম বলেন, “দীর্ঘদিন বাসা থেকে এসে একটু মন খারাপ ছিল, কিন্তু ক্লাসরুমে ঢুকে চড়ুই পাখিদের কিউট সংসার দেখে মন ভালো হয়ে গেছে।”
‎
‎মাহিয়া সরোয়ার বলেন, “দীর্ঘ ছুটিতে বন্ধুদের সাথে সেই পুরনো আড্ডার অপেক্ষা পেরিয়ে দেখা হওয়ায় অনেক ভালো লেগেছে। একই সাথে এমন দৃশ্য যেন মনকে আরও মুখরিত করেছে। নিস্তব্ধ ক্লাসরুমকে চড়ুই পাখি আপন করে নেওয়ার বিষয়টা আমার অনেক ভালো লেগেছে।”
‎
‎আরিয়ান আহমেদ নাঈম বলেন, “ঈদের ছুটিতে অনেক আনন্দ করেছি কিন্তু মন পড়ে ছিল প্রাণপ্রিয় ক্যাম্পাসে। আমরা ক্লাসরুম ছেড়ে গেছি কিন্তু চড়ুই পাখি প্রিয় ক্লাসরুমকে আপন করে নিয়েছে, বেঁধেছে ছোট্ট সংসার। আমরা পাখিদের নিরাপত্তায় সর্বদা সচেতন।”