বাংলা নববর্ষকে স্বাগত জানাতে ‘ফুল বিজু’, প্রার্থনা আর সম্মিলিত আনন্দের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেন খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) অধ্যয়নরত বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর শিক্ষার্থীরা।

রবিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া সংলগ্ন লেকপাড়ে ‘ফুল বিজু’ প্রার্থনার আয়োজন করা হয়। আয়োজনে অংশ নেন চাকমা, মারমা, ত্রিপুরা, বম ও গারোসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর শিক্ষার্থীরা। তারা ফুল দিয়ে পুরোনো বছরের সকল গ্লানি, দুঃখ ও ক্লান্তি দূর করে নতুন বছরের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

জানা গেছে, পাহাড়ি ও আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে বাংলা বছরের শেষ দুই দিন এবং নতুন বছরের প্রথম দিনকে কেন্দ্র করে বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, বিহু, সাংক্রাই, থাংগ্রেন, চাংক্রান ও চাংলানসহ নানা উৎসব পালিত হয়। এসব উৎসবে আনন্দ-উল্লাসের পাশাপাশি  পরিবার, সমাজ এবং দেশের সার্বিক মঙ্গল কামনা করা হয়। সপ্তাহব্যাপী আয়োজন শুরু হয় ‘ফুল বিজু’র মধ্য দিয়ে।

প্রার্থনায় অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, আগের রাতেই তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান থেকে নানা প্রকারের ফুল সংগ্রহ করেন। ভোরবেলা নিজ নিজ ঐতিহ্যবাহী পোশাক পরে সবাই একত্রিত হয়ে লেকপাড়ে প্রার্থনায় অংশ নেন।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী লূভর চাকমা অমিক বলেন, “ উৎসবটি মূলত পাহাড়ি জনগোষ্ঠীর সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ উৎসবগুলোর একটি। সপ্তাহজুড়ে আমরা খেলাধুলা, প্রার্থনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে এটি উদ্‌যাপন করে থাকি। আমাদের সবার ইচ্ছে থাকে পরিবারের সাথে সময়টা কাটানোর। কিন্তু পড়াশোনার কারণে আমরা বাড়ি থেকে দূরে থাকি। সেজন্য বিশ্ববিদ্যালয়ে  একসাথে মিলিত হয়ে আমরা  অভাব কিছুটা হলেও পূরণ করার চেষ্টা করি।”